ধর্ষণ কীভাবে হয় কঙ্গনা রানাওয়াত তা জানেন। ধর্ষণ নিয়ে কঙ্গনার অনেক অভিজ্ঞতা রয়েছে, তাকেই জিজ্ঞাসা করা উচিত। একটি জনসভা থেকে এমন মন্তব্য করেছেন শিরোমণি অকালি দলের নেতা তথা পাঞ্জাবের সাবেক সংসদ সদস্য সিমরণজিৎ সিংহ মান।
তার এই মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, নারীদের অসম্মান করে কথা বলেছেন সিমরণজিৎ। বিজেপি সাংসদ তথা বলিউড অভিনেত্রী কঙ্গনার উদ্দেশে তার এই মন্তব্য কুরুচিকর এবং অপমানজনক বলেও অভিযোগ করছেন অনেকে। কৃষক আন্দোলন নিয়ে যে মন্তব্য কঙ্গনা করেছিলেন, তার জবাব দিতে গিয়েই বিতর্কে জড়িয়েছেন সিমরণজিৎ। কঙ্গনা বলেছিলেন, এ বছর কৃষক আন্দোলন চলাকালীন সেখানে একাধিক ধর্ষণের ঘটনাও ঘটেছে।
হরিয়ানার করনালে একটি জনসভায় বক্তৃতা করার সময় কঙ্গনার এই মন্তব্যের বিরোধীতা করেন অকালি দলের নেতা। তিনি বলেন, ‘ধর্ষণ নিয়ে কঙ্গনার অনেক অভিজ্ঞতা রয়েছে। কীভাবে ধর্ষণ হয়, আপনারা তা কঙ্গনাকে জিজ্ঞাসা করতে পারেন। ধর্ষণ কী ভাবে হয়, মানুষের তা জানা দরকার।’
কৃষক আন্দোলনে ধর্ষণ নিয়ে করা কঙ্গনার মন্তব্যেও বিস্তর বিতর্ক হয়েছিল। সম্প্রতি কঙ্গনা জানিয়েছেন, ওই মন্তব্য করা তার উচিত হয়নি। দলের তরফেও ওই মন্তব্যের জন্য তাকে সতর্ক করা হয়েছিল।
তবে অকালি দলের প্রাক্তন সাংসদের মন্তব্যের জবাব দিয়েছেন মন্ডীর বিজেপি সাংসদ। কঙ্গনা সে প্রসঙ্গে বলেছেন, ‘এখন তো আমাকেও ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। কিন্তু এ ভাবে আমাকে চুপ করিয়ে রাখা যাবে না। আজকাল শিল্পীরও কণ্ঠরোধ করা হচ্ছে। কিছু মানুষ হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছেন। কিন্তু আমি তাদের বন্দুকে ভয় পাই না।’
সিমরণজিতের মন্তব্যে ধর্ষণের গুরুত্বকে খাটো করা হয়েছে বলে মনে করেন কঙ্গনা। তিনি বলেছেন, ‘একজন সিনিয়র নেতা ধর্ষণের মতো ঘটনাকে সাইকেল চালানোর মতো তুচ্ছ করে বলছেন। ধর্ষণকে তুচ্ছ করে দেখার স্বভাব থেকে এই দেশ কিছুতেই বেরিয়ে আসতে পারছে না। যেন নারীদের বিরুদ্ধে অপরাধ কোনো মজার কথা। পুরুষতান্ত্রিক সমাজের মননে এত গভীরভাবে এই ধারণা গেঁথে রয়েছে, যে নারীদের কটাক্ষ করতেও সহজেই ধর্ষণের উদাহরণ টানা যায়। এটা দুর্ভাগ্যজনক।’