স্তাদে ব্রেস্তইস ২৯ সংক্ষেপে ব্রেস্ত। ফরাসী এ ফুটবল ক্লাব গত মৌসুমে তিনে থেকে লিগ ওয়ান শেষ করার মাধ্যমে প্রথমবারের মতো জায়গা করে নেয় ইউরোপ ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর চ্যাম্পিয়নস লিগে। ৩৬ দল নিয়ে নতুন ফরম্যাটে হতে যাওয়া এবারের চ্যাম্পিয়নস লিগ আসরের লিগ পর্যায়ের প্রথম পর্বে এ দলটির ভাগ্যে জুটেছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মতো বাঘা দুই প্রতিপক্ষ।
এবার প্রথম পর্বে প্রতিটি ক্লাব খেলবে ৮টি করে ম্যাচ, যার চারটি হোমে, চারটি অ্যাওয়েতে। মন্টে কার্লোর ড্র অনুষ্ঠানে জিয়ানলুইজি বুফন প্রতিটি ক্লাবের নাম তোলার পর ক্রিশ্চিয়ানো রোনালদোর বাটন চাপার সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয় সফটওয়্যার ঠিক করে দিয়েছে হোম-অ্যাওয়েসহ কোন ৮টি দল হবে সেই ক্লাবের প্রথম পর্বের প্রতিপক্ষ।
চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ হোম ম্যাচের প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বরুশিয়া ডর্টমুন্ড, এসি মিলান, সলজবুর্গ ও স্টুটগার্টকে। আর গ্যালাকটিকোসরা লিভারপুল, আতালান্তা, লিঁল ও ব্রেস্তের মাঠে গিয়ে খেলবে অ্যাওয়ে ম্যাচ চারটি।
গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলেছিল রিয়াল মাদ্রিদ ও বরুশিয়া ডর্টমুন্ড। এবার লিগ পর্বেই দেখা হয়ে যাচ্ছে তাদের।
আরেক স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ঘরের মাঠে খেলবে বায়ার্ন মিউনিখ, আতালান্তা, ইয়াং বয়েজ ও ব্রেস্তের বিপক্ষে। কাতালান দলটির বাকি চার ম্যাচ বরুশিয়া ডর্টমুন্ড, বেনফিকা, রেড স্টার বেলগ্রেড ও মোনাকোর মাঠে।
জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ ঘরের মাঠে খেলবে পিএসজি, বেনফিকা, ডায়নামো জাগরেব ও স্লোভান ব্রাতিসলাভার বিপক্ষে। অ্যাওয়েতে খেলবে বার্সেলোনা, শাখতার দোনেৎস্ক, ফিয়েনুর্দ ও অ্যাস্টন ভিলার বিপক্ষে।
টানা চারবারের প্রিমিয়ার লিগ জয়ী ম্যানচেস্টার সিটি ঘরের মাঠে খেলবে ইন্তার মিলান, ক্লাব ব্রুগ, ফিয়েনুর্দ ও স্পার্তা প্রাগের বিপক্ষে। অ্যাওয়েতে খেলবে পিএসজি, জুভেন্তাস, লিসবন ও ব্রাতিসলাভার বিপক্ষে।
লিভারপুল ঘরের মাঠে খেলবে রিয়াল মাদ্রিদ, বায়ার লেভারকুসেন, লিলে ও বোলোনার বিপক্ষে। অ্যাওয়েতে খেলবে লিপজিগ, এসি মিলান, পিএসভি ও জিরোনার বিপক্ষে।
আর্সেনাল ঘরের মাঠে খেলবে পিএসজি, শাখতার, জাগরেব, মোনাকোর বিপক্ষে। অ্যাওয়েতে খেলবে ইন্তার মিলান, আতালান্তা, লিসবন, জিরোনার বিপক্ষে।
আরেক ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা ঘরের মাঠে খেলবে বায়ার্ন, জুভেন্তাস, সেল্টিক, বোলোনার বিপক্ষে। অ্যাওয়েতে খেলবে লাইপজিগ, ব্রুগ, ইয়ং বয়েজ ও মোনাকোর বিপক্ষে।
ফ্রান্সের ক্লাব পিএসজি ঘরের মাঠে খেলবে ম্যানসিটি, আতলেতিকো মাদ্রিদ, পিএসভি ও জিরোনার বিপক্ষে। অ্যাওয়েতে তাদের খেলা বায়ার্ন মিউনিখ, আর্সেনাল, সাল্জবুর্গ ও স্টুটগার্টের বিপক্ষে।