ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাদেশ গ্যাস সরবরাহ করত বলে গত ২৫ আগস্ট থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যে দাবি করা হচ্ছে তা সঠিক নয় বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। গতকাল বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিউল্লাহ এ সংক্রান্ত এক ব্যাখ্যায় এ তথ্য জানান।
মোহাম্মদ শফিউল্লাহ জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বলা হচ্ছে, আওয়ামী লীগ সরকারের আমলে ভারতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস রপ্তানি করা হতো। বর্তমান সরকার ক্ষমতায় এসে এ সিদ্ধান্ত বাতিল করেছে। এ পরিপ্রেক্ষিতে ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাদেশ থেকে সরবরাহ করা গ্যাসলাইনের সংযোগও বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। একই দাবিতে একটি ভিডিও প্রচার করা হয়েছে। এসব দাবি সঠিক নয়।
ব্যাখ্যায় আরও বলা হয়, প্রকৃতপক্ষে বাংলাদেশ থেকে পাইপলাইনের মাধ্যমে কখনই ভারতে প্রাকৃতিক গ্যাস রপ্তানি হয়নি। তবে বোতলজাত এলপি গ্যাস রপ্তানি হলেও তার সরবরাহ বন্ধ করা হয়নি। যে ভিডিওটি প্রচার করা হচ্ছে তাও দুই বছরের পুরনো এবং ভিন্ন ঘটনার। ভারতের সেভেন সিস্টার্সে যাওয়া গ্যাসলাইন বন্ধের দাবিতে ভাইরাল হওয়া বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।