পদ্মা সেতুর পুনর্বাসন থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ পদ্মা সেতুর পুনর্বাসন কেন্দ্র থেকে সোহরাব বেপারী (৫৫) নামক এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৮ টার দিকে পুনর্বাসন কেন্দ্রের মাছ বাজারের পাশে পরিত্যক্ত একটি টিনের দোকানঘর থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ পরিত্যক্ত ঘরে একটি ঝুলন্ত মরদেহ দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এবং খোঁজ খবর নিয়ে দেখা যায় ঝুলন্ত মরদেহ ব্যক্তিটি মেদিনীমন্ডল ইউনিয়নের কান্দিপাড়া গ্রামের ৩নং ওয়ার্ডের মৃত মোসলেম বেপারীর ছেলে। তিনি পুনর্বাসন এলাকার রাস্তার পাশে অবস্থায় বসবাস করেন। এটি হত্যা নাকি আত্মহত্যা জানেন না কেউ।

এ বিষয়ে পদ্মা সেতু উত্তর থানার সাব ইন্সপেক্টর মিরাজ হোসেন জানান, এলাকাবাসীর খবরে আমরা ঘটনাস্থলে গিয়ে সোহরাব বেপারীর ঝুলন্ত লাশ উদ্ধার করি। এটি আত্মহত্যা বলে দাবী স্বজনদের। 

তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় সোহরাব বেপারীর বড় মেয়ে শারমীনের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।