বিভিন্ন অভিযোগে অভিযুক্ত আফগানিস্তানের নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানো শুরু করেছে জার্মানি। স্থানীয় সময় আজ শুক্রবার থেকেই এই প্রক্রিয়া শুরু হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে মানবাধিকার নিয়ে উদ্বেগের কারণে বার্লিন আফগানিস্তানে লোকজনকে ফেরত পাঠানো বন্ধ রেখেছিল।
কিন্তু এক সপ্তাহ আগে, জার্মানির একটি শহরে ছুরিকাঘাতের ঘটনায় এক আফগানের জড়িত থাকার অভিযোগ এবং এর আগে জুনে এক আফগানের ছুরিকাঘাতে এক পুলিশ নিহত হওয়ার ঘটনার পর জার্মান সরকার সেই আইন পরিবর্তন করেছে।
জার্মান সাময়িকী ডার স্পিগেল জানিয়েছে, শুক্রবার সকালের দিকে লিপজিগ থেকে আফগানিস্তানের রাজধানী কাবুলের উদ্দেশ্যে একটি ফ্লাইট ছেড়ে গেছে।
ওই ফ্লাইটে ২৮ অপরাধী আফগানকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। কাতার সরকারের মধ্যস্থতায় কয়েকমাসের গোপন আলোচনার পর জার্মান সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।