নাটোরের বড়াইগ্রামে চাঁদা না দেওয়ায় জেনি আয়ুর্বেদিক ল্যাবরেটরি নামে একটি ওষুধ কারখানা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত বৃহস্পতিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
জানা যায়, গত ৭ আগস্ট উপজেলার গড়মাটি গ্রামের রওশন প্রামাণিকসহ কয়েকজন লোক ওই ওষুধ কারখানার মালিক মোফাজ্জল হোসেনের কাছে ৮ লাখ টাকা চাঁদা দাবি করেন। কিন্তু তিনি চাঁদা দিতে অস্বীকার করলে তারা নানাভাবে কারখানার কাজে বাধা দেন।
সর্বশেষ গত ১৯ আগস্ট অভিযুক্তরা কারখানার লোকজনকে বের করে দিয়ে সিসি ক্যামেরা ভাঙচুরসহ কারখানার গেটে তালা ঝুলিয়ে দেন। এসময় ওষুধ বহনে ব্যবহৃত কয়েকটি পরিবহন রাস্তার পাশে ফেলে দেয় তারা। তাদের হুমকির মুখে বর্তমানে মোফাজ্জল হোসেন পরিবারসহ অন্যত্র অবস্থান করছেন।
এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত রওশন প্রামাণিক বলেন, ‘মোফাজ্জল হোসেন ও তার স্বজনরা মামলা দিয়ে গ্রামবাসীকে হয়রানী করেছেন। এসব মামলা চালাতে গিয়ে ক্ষতিগ্রস্ত হওয়া ব্যক্তিদের ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। কোনো চাঁদা চাওয়ার ঘটনা ঘটেনি।’
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আযম খান বলেন, ‘এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’