রুশ হামলায় ধ্বংস হলো ইউক্রেনকে দেওয়া পশ্চিমের এফ–১৬ যুদ্ধবিমান

রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনের পাশে রয়েছে আমেরিকা। রাশিয়াকে পরাস্ত করতে একের পর এক সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এরই ধারাবাহিকতায় পশ্চিমের কাছ থেকে পাওয়া ইউক্রেনের একটি এফ–১৬ যুদ্ধবিমান ধ্বংস হয়ে গেছে। ইউক্রেনের সামরিক বাহিনীর একটি সূত্র বিবিসিকে এ তথ্য জানায়।

গত সোমবার রাশিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। এতে বৈমানিক ওলেকসি মেস নিহত হয়েছেন বলে জানায় ইউক্রেনের সামরিক বাহিনী। 

কয়েকদিন আগেই রাশিয়ার চাপ বাড়িয়ে ইউক্রেনীয় সেনার হাতে আসে আমেরিকার বেশ কয়েকটি এফ-১৬ যুদ্ধবিমান। কিন্তু রুশ বাহিনীর হামলায় যুদ্ধের মোড় ঘোরানো এই হাতিয়ারের একটি ধ্বংস হয়।

ইউক্রেনের সামরিক বাহিনীর দাবি, শত্রুপক্ষের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাত যুদ্ধবিমানটি ভূপাতিত হওয়ার পেছনে প্রধান কারণ নয়। সোমবার আকাশপথে রাশিয়ার সবচেয়ে বড় হামলার সময় যুদ্ধবিমানটির বৈমানিক তিনটি ক্ষেপণাস্ত্র ও একটি ড্রোন ধ্বংস করেন।

ইউক্রেনের বিমানবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলেছে, দুর্ভাগ্যবশত নিজের জীবনের বিনিময়ে ওলেকসি রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা থেকে ইউক্রেনের মানুষকে বাঁচিয়েছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন, যুক্তরাষ্ট্রের তৈরি এফ–১৬ যুদ্ধবিমানটি রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্রে আঘাত করার জন্য নিয়োজিত ছিল।

চলতি মাসের শুরুতে প্রেসিডেন্ট জেলেনস্কি ঘোষণা করেছিলেন, পশ্চিমা মিত্রদের প্রতিশ্রুত এফ–১৬ যুদ্ধবিমানের প্রথম চালান হাতে পেয়েছে কিয়েভ। সাম্প্রতিক হামলাগুলোতে ব্যবহৃত রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংসে এসব যুদ্ধবিমান ব্যবহার করা হয়েছে বলেও জানান তিনি।