বাংলাদেশে যে সরকারই আসুক সুসম্পর্ক রাখতে হবে: জয়শঙ্কর

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশ তৈরির সময় থেকে সে দেশের সঙ্গে আমাদের সম্পর্ক চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে গিয়েছে। সেখানে রাজনৈতিক পালাবদল ঘটেছে। তবে প্রতিবেশী দেশে যে সরকারই ক্ষমতায় থাকবে, তাদের সঙ্গেই আমরা আলোচনা করব। তাই বর্তমান সরকারের সঙ্গে সুসম্পর্ক রাখার ক্ষেত্রে জোর দিতে হবে আমাদের।

আজ শুক্রবার দিল্লিতে ভারতের পররাষ্ট্রনীতিবিষয়ক একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। 

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর প্রধান অতিথির বক্তব্যে পাকিস্তান ও আফগানিস্তানের পর বাংলাদেশের প্রসঙ্গ নিয়ে কথা বলেন। জয়শঙ্কর বলেন, ‘স্বাভাবিক কারণেই সাম্প্রতিক অনেক আগ্রহের প্রেক্ষাপটে এ নিয়ে (বাংলাদেশ) কথা বলি। আপনারা সবাই জানেন, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক উঠানামার মধ্য দিয়ে গেছে। আর সরকারে যে থাকে, তার সঙ্গে সম্পর্ক বজায় রাখব, এটাই স্বাভাবিক। কিন্তু এটা আমাদের স্বীকার করে নিতে হবে যে বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তন ঘটেছে। আর রাজনৈতিক পরিবর্তনে ....বিঘ্নিত হতে পারে। আর আমাদের সম্পর্কের বিষয়টিকে পারস্পরিক স্বার্থের প্রেক্ষাপট থেকে দেখতে হবে।’

এদিকে পাকিস্তান প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, পাকিস্তানের সঙ্গে নিরবচ্ছিন্ন আলোচনার যুগ শেষ। সব কর্মেরই ফল ভুগতে হবে। পাকিস্তান এবং জঙ্গিদমন নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, আমরা আর চুপ থাকব না। আমরা নিষ্ক্রিয় নই। ইতিবাচক হোক বা নেতিবাচক, আমরা জবাব দেবই। কোনোভাবেই সমঝোতার পথে হাঁটব না।

বিদেশমন্ত্রী জানান, জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা নিয়ে যে উত্তেজনা শুরু হয়েছিল, তা এখন শেষ হয়েছে। এখন পাকিস্তানের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গ উঠছে। জয়শঙ্কর বলেন, ‘‘পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভাল করতে গিয়ে আমরা কখনই সন্ত্রাসবাদকে উপেক্ষা করতে পারি না। পাকিস্তানে সন্ত্রাসবাদ শিল্পের পর্যায়ে পৌঁছেছে। ভারত কোনও ভাবেই এ ধরনের হুমকি বরদাস্ত করবে না।