রাজধানীর হাজারীবাগে ছুরিকাঘাতে ইফতিয়ার হোসেন (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি ২২ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য ছিলেন বলে জানা গেছে। শুক্রবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গণকটুলী প্রাইমারি স্কুল মাঠে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ৯টার দিকে মারা যান তিনি।
নিহত ইমন পরিবারের সাথে গণকটুলী মসজিদ গলিতে থাকতেন। তার বাবার নাম মো. ইউসুফ। ইমন একটি কোম্পানিতে চাকরি করতেন।
ইমনের বন্ধু মো. জাহিদ হোসেন জানান, সন্ধ্যার দিকে প্রাইমারি স্কুলের মাঠে বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছিলেন। এ সময় একই এলাকার রাফিন নামের এক ছেলেকে শাসন করেন ইমন। পরে রাফিনের পক্ষে হয়ে সানজু (২২) নামে এক যুবক সেখানে হাজির হয়। তখন তার সাথেও কথা কাটাকাটি হয় ইমনের। একপর্যায়ে সানজু বাসা থেকে ছুরি নিয়ে এসে ইমনের বুকের বামে জখম করে। সঙ্গে সঙ্গে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ইমনের বাবা মো. ইউসুফ জানান, দুই বোন এক ভাইয়ের মধ্যে ইমন ছিল বড়। ইমন নেসলে কোম্পানিতে চাকরি করতেন। পাশাপাশি হাজারীবাগ থানা ২২ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য ছিলেন। সন্ধ্যায় জানতে পারেন তার ছেলে ইমনকে ছুরিকাঘাত করা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে ইমনকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান তারা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ইমন। তার বুকের বাম পাশে ছুরিকাঘাতের চিহৃ রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।