১৫ আগস্ট হামলায় আহত আওয়ামী লীগ নেতা এম এ মমিন পাটোয়ারী (৫৪) মারা গেছেন। গতকাল শুক্রবার রাজধানীর একটি বেসরকারি হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তারা।
তিনি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। মমিন পাটোয়ারীর ভাতিজা মুনতাকিম পাটোয়ারী তার চাচার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মুনতাকিম পাটোয়ারী জানান, মমিন পাটোয়ারী কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক উপকমিটির সহসম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সমাজসেবাবিষয়ক সদস্য ছিলেন। এ ছাড়া জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির শিক্ষাবিষয়ক সম্পাদকও ছিলেন তিনি।
গতকাল মমিন পাটোয়ারীর মৃত্যুর ঘটনায় আওয়ামী লীগের ভেরিফাইড পেজে একটি স্ট্যাটাস দেওয়া হয়। সেখানে বলা হয়, ১৫ আগস্ট ধানম-ি ৩২-এ শ্রদ্ধা জানাতে গিয়ে হামলায় আহত বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সমাজসেবা সম্পাদক এম এ মমিন পাটোয়ারী মারা গেছেন। বাংলাদেশে কি এই হত্যার বিচার হবে?
দলটির একাধিক সূত্র জানায়, গত ১৫ আগস্ট শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে যান এম এ মমিন পাটোয়ারী।
সেখানে তিনি হামলার শিকার হন। এতে পায়ে ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয় তার। পরে তাকে গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তার পরিবার সূত্রে জানা গেছে, মমিন পাটোয়ারীর সংসারে স্ত্রী ও এক ছেলে আছে। তিনি ডায়াবেটিক ও হৃদরোগে আক্রান্ত ছিলেন। তার মরদেহ রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।