ছুরিকাঘাতে ইজিবাইক চালক নিহত, আটক ২

বাগেরহাটের চিতলমারীতে ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আঘাতে আনোয়ার মোল্লা (৪৫) নামে এক ব্যাটারি চালিত ইজিবাইক চালক নিহত হয়েছেন। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছিনতাই হওয়া ইজিবাইকটি উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩০ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে বাগেরহাটের চিতলমারী উপজেলার সন্তোষপুর গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় নিহতের ছোট ভাই দেলোয়ার মোল্লা বাদী হয়ে দুইজনের নাম উল্লেখসহ কয়েকেজনকে অজ্ঞাতনামা আসামি করে চিতলমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

নিহত আনোয়ার মোল্লা বাগেরহাট সদর উপজেলার মাঝিডাঙা গ্রামের সলেমান মোল্লার ছেলে।

গ্রেপ্তারকৃতরা হলেন, বাগেরহাটের কচুয়া উপজেলার গজালিয়া গ্রামের মো. আকরাম শেখের ছেলে মো. সজিব শেখ (২১) এবং পিরোজপুরের নাজিরপুর উপজেলার বাকশি গ্রামের সুদেব মজুমদারের ছেলে সাগর মজুমদার (১৯) ।

স্থানীয়দের বরাতে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার দাস বলেন, ‘শুক্রবার (৩০ আগস্ট) সন্ধ্যায় বাগেরহাট শহর থেকে কয়েকজন যুবক চিতলমারী যাওয়ার কথা বলে আনোয়ার মোল্লার ইজিবাইকটি ভাড়া করেন। আসামিরা বাগেরহাট-পিরোজপুর সড়কের চিতলমারী উপজেলার সন্তোষপুর গ্রামে পৌঁছালে ইজিবাইক চালক আনোয়ারের কাছে চাবি চাইলে তা দিতে অস্বীকার করে।

পরে ছিনতারকারীদের কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশে খবর দেয়। পুলিশ সঙ্গে সঙ্গে এসে ছিনতাইকারীদের ধরতে অভিযানে নামে। পুলিশ পার্শ্ববর্তী পিরোজপুরের কাউখালী এলাকা থেকে গভীর রাতে ছিনতাই হওয়া ইজিবাইকসহ দুই যুবককে গ্রেপ্তার করে। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।