অনূর্ধ্ব-১৯ দলে ডাক পেলেন রাহুল দ্রাবিড়ের ছেলে

ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলে ডাক পেয়েছেন দেশটির কিংবদন্তি ব্যাটার রাহুল দ্রাবিড়ের ছেলে সামিত দ্রাবিড়। অস্ট্রেলিয়ার বিপক্ষে আনঅফিসিয়াল ওয়ানডে সিরিজ ও ৪ দিনের ম্যাচের সিরিজের স্কোয়াডেই তিনি জায়গা পেয়েছেন। আগামী ২১ সেপ্টেম্বর থেকে ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দলের লড়াই।

সামিত দ্রাবিড় এই মুহূর্তে সিনিয়র ক্রিকেটে নিজের প্রথম টি-টোয়েন্টি আসর ‘মহারাজা টি-টোয়েন্টি লিগ’ এ খেলছেন। তবে ভালো কিছু করতে পারেননি। এখনও পর্যন্ত ৭ ম্যাচ খেলে মোট রান করেছেন ৮২। বোলিং পাননি এক ম্যাচেও। যদিও এর আগে লংগার ভার্সনের কুচবিহার ট্রফিতে ৮ ম্যাচে ৩৬২ রান করার পাশাপাশি ১৬টি উইকেট শিকার করেন।

রাহুল দ্রাবিড়কে বলা হতো ব্যাটিংয়ে শুদ্ধতার প্রতীক। মাঝে কিছুসময় উইকেটকিপিংও করেছেন। তার ছেলে ১৮ বছর বয়সী সামিত অবশ্য পেস বোলিং অল-রাউন্ডার। ব্যাট করেন মিডল অর্ডারে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ম্যাচগুলো হবে ২১, ২৩ ও ২৬ অক্টোবর। এরপর দুটি চার দিনের ম্যাচ আগামী ৩০ সেপ্টেম্বর ও ৭ অক্টোবর থেকে মাঠে গড়াবে।