প্রথম সেশন শেষে বাংলাদেশের ১ উইকেট, পাকিস্তানের ৯৯ রান

প্রথম ওভারেই আবদুল্লাহ শফিককে বোল্ড করে ১৪ মাস পর টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তনটা রাঙিয়েছিলেন তাসকিন আহমেদ। সঙ্গে বড় কিছুর আভাস দিয়েছিলেন এই পেসার। কিন্তু সেটাই শেষ। দ্বিতীয় উইকেটে সাইম আইয়ুব–শান মাসুদের দারুণ ব্যাটিংয়ে পাকিস্তান শুধু প্রাথমিক ধাক্বাই সামলে ওঠেনি, রাওয়ালপিন্ডির তপ্ত রোদে বাংলাদেশের বোলারদের কঠিন পরীক্ষায় ফেলেছে।

মধ্যাহ্ন বিরতির আগে ৪ ছুঁই ছুঁই রানরেটে ২৫ ওভারে ১ উইকেটে ৯৯ রান তুলেছে স্বাগতিকেরা।

টেস্ট ক্যারিয়ারে দশম ফিফটি পূরণ করে ৫৩ রানে অপরাজিত আছেন অধিনায়ক মাসুদ। ওপেনার আইয়ুবও আছেন ফিফটির অপেক্ষায়। তিনি ব্যাট করছেন ৪৩ রান নিয়ে।

প্রথম ১০ ওভারে তিন পেসারকে ব্যবহার করেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন। সবুজ উইকেটে শুরুর দিকে ভালোই সুবিধা পেয়েছেন তাসকিন, হাসান মাহমুদ ও নাহিদ রানা। তবে ক্রিজে থিতু হওয়ার পর তাঁদের স্বচ্ছন্দ্যেই সামলেছেন আইয়ুব ও মাসুদ।

দুই স্পিনার মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসান মিলে ৪ ওভারে ১৭ রান দিলেও বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দিতে পারেননি।