শিকাগো ম্যাচেও মেসিকে পাচ্ছে না মায়ামি

দীর্ঘ ১৬ বছরের ক্যারিয়ারে চোট খুব একটা ভোগায়নি লিওনেল মেসিকে। তবে কাতার বিশ্বকাপ জয়ের পর থেকে সেটা যে অপয়া হয়ে গেছে তার জন্য। গত জুলাইতে কোপা আমেরিকার ফাইনালে গোড়ালির ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছিলেন। দেড় মাস মাঠের বাইরে থেকে গত সপ্তাহে অনুশীলনে ফিরেছিলেন আর্জেন্টাইন মহাতারকা।

তাতে আশা জাগালেও, আপাতত চিকিৎসকদের সাড়া না পাওয়ায় শিকাগোর বিপক্ষে মেজর লিগ সকারের ম্যাচে খেলা হবে না তার। আগামীকাল ভোর সাড়ে ৬টায় সোলজার ফিল্ডে অনুষ্ঠিত হবে ম্যাচটি। কিন্তু সেখানে মেসির না থাকায় অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে তার ভক্তদের।

ফুটবলবিষয়ক ওয়েবসাইট ট্রান্সফারমার্কেট বলছে, ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে মেসি এখন পর্যন্ত চোটে পড়েছেন ছয়বার। তবে এবারের মতো লম্বা সময়ের জন্য তাকে মাঠের বাইরে থাকতে হয়নি। লিগামেন্টের চোটে সব মিলিয়ে মেসি মাঠের বাইরে আছেন ৪৬ দিন। হাতে গোনা কয়েকবার এর চেয়ে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিলেন তিনি।

বয়স ও ফিটনেস বিবেচনায় নিলে মেসির এই চোট আতঙ্ক জাগানোর মতোই। তাই মেসিকে মাঠে ফেরানোর আগে সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে তার ক্লাব ইন্টার মায়ামি।

মেসির চোট নিয়ে ইন্টার মায়ামি কোচ জেরার্দো মার্তিনো বলেছেন, ‘ছয় সপ্তাহ ধরে এই চোট নিয়ে সে ভুগছে। তার পুরোপুরি সেরে ওঠা জরুরি। তার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের শান্ত হয়ে সবদিক বিবেচনা করতে হবে। সে কয়েক সপ্তাহ আগে অনুশীলন শুরু করেছে, প্রাথমিকভাবে সে চিকিৎসক ও শারীরিক প্রশিক্ষকের সঙ্গে কাজ করেছে। এরপর সে আংশিকভাবে দলের সঙ্গে অনুশীলন করেছে। আমরা এখনো তার উন্নতি পর্যবেক্ষণ করছি।’

মেসির বারবার এভাবে চোটে পড়া মোটেও ভালো বার্তা দিচ্ছে না। এর মধ্যে ইন্টার মায়ামির হয়ে বেশ কয়েকটি ম্যাচ মিস করার পাশাপাশি আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচেও দর্শক হয়ে থাকতে যাচ্ছেন তিনি। ২০২৬ বিশ্বকাপ যতই ঘনিয়ে আসছে, মেসির না খেলার শঙ্কাও তাই বেড়ে চলেছে। পূর্ণ ফিট মেসি এখনো প্রতিপক্ষের জন্য আতঙ্কের। কিন্তু একের পর এক চোট রীতিমতো কোণঠাসা করে রেখেছে আর্জেন্টাইন অধিনায়ককে।