শুরুতে উইকেট হারানোর পর দারুণ জুটি গড়েছিলেন সাইম আইয়ুব আর শান মাসুদ। বাংলাদেশি বোলারদের হতাশ করে সেই জুটি শতরান ছাড়িয়ে যায়। অবশেষে দিনের দ্বিতীয় সেশনের শুরুতে বাংলাদেশকে দারুণ ব্রেক থ্রু এনে দিলেন মেহেদি হাসান মিরাজ। এই স্পিনারের জোড়া আঘাতের পর ফের মঞ্চে তাসকিন। দুজনের দুর্ধর্ষ বোলিংয়ে বেশ চাপে পড়েছে পাকিস্তান।
টেস্ট ক্যারিয়ারে দশম ফিফটি পূরণ করে থেমেছেন শান মাসুদ। ইনিংসের ২৮তম ওভারে মিরাজের গুড লেন্থের বলটির লাইন মিস করেছিলেন। বল লাগে তার প্যাডে। জোরালো আবেদনে আম্পায়ার আঙুল তুলে দিলে মাসুদ রিভিউ নেন। তবে এতে কাজ হয়নি। ৬৯ বলে ২ চার শেষ হয় তার ৫৭ রানের ইনিংস। এরই সঙ্গে দ্বিতীয় উইকেটে ১০৭ রানের জুটি ভাঙে। মিরাজের বলেই ৫৮ রান করা আইয়ুবকে স্টাম্পড করেন লিটন দাস। এরপর সৌদ শাকিলকে (১৬) বোল্ড করে দ্বিতীয় শিকার ধরেন তাসকিন।
এর আগে আজ শনিবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচের দ্বিতীয় দিনে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় বাংলাদেশ। দিনের প্রথম ওভারের ৬ষ্ঠ বলেই আব্দুল্লাহ শফিককে বোল্ড করে দেন ১৪ মাস পর টেস্ট ক্রিকেটে ফেরা তাসকিন আহমেদ। এই রিপোর্ট লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ১১৮। সাইম আইয়ুব ৫৫ রানে অপরাজিত আছেন।