বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের দল থেকে পেসার শাহিন আফ্রিদিকে বাদ দেওয়ায় তোলপাড় চলছে পাকিস্তানের ক্রিকেটে। সাবেক ক্রিকেটাররা একের পর এক মুখ খুলছেন। এবার সাবেক ওপেনার আহমেদ শেহজাদ বললেন, দলের সমস্ত হারের দায় আফ্রিদির ওপর চাপানো হয়েছে। একইসঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন, বাবর আজম, সাইম আইয়ুব, আব্দুল্লাহ শফিকরা বাজে খেললেও তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না?
রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে ১০ উইকেটে হেরেছে পাকিস্তান। ‘এক্স ’ হ্যান্ডলে পোস্ট করা ভিডিওতে শেহজাদ বলেছেন, ‘জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের কাছে হারলেন। ভারতের কাছেও হারলেন। এখন হারলেন বাংলাদেশের কাছে। এসব কিছুর জন্য কি শুধু শাহিন আফ্রিদিই দায়ী? হ্যাঁ, তার পারফরম্যান্স নেমে গেছে। আচরণেও সমস্যা আছে। তাকে বাদ দিলেন ভালো কথা। কিন্তু এ বিষয়ে অন্যদের কী হবে? বাকিদের পারফরম্যান্সের কী অবস্থা?’
১৩ টেস্ট, ৮১ ওয়ানডে ও ৫৯ টি–টোয়েন্টি খেলা শেহজাদ আরও বলেছেন, ‘সর্বশেষ ৮ টেস্টে আবদুল্লাহ শফিক কেমন খেলেছে? ২৫ ম্যাচ পর সাইম আইয়ুবের পারফরম্যান্স কেমন? সর্বশেষ ১৪ টেস্টে বাবর আজম কেমন করেছে? তাই তাদের শুধু বাদ দিয়ে কোনো কাজ হবে না। পাকিস্তান দল সঠিক পথে থাকবে না। কিছু সিদ্ধান্ত নিতে হবে। যারা এর সঙ্গে জড়িত, যাদের পারফরম্যান্স ভালো ছিল না, তাদের জবাবদিহির আওতায় আনতে হবে।’
কারও ওপর দায় না চাপিয়ে সমস্যাগুলোর সমাধান করার আহ্বান জানিয়েছেন ৩২ বছর বয়সী শেহজাদ, ‘দেশ ও ক্রিকেটের চেয়ে কেউ বড় নয়। দেশ সবকিছুর ওপরে। যত লোকই নিজের প্রচারণা চালাক, ব্যক্তিগত মাইলফলকের পেছনে লুকাক, বোর্ড কিনে নিক কিংবা যত টাকাই বিনিয়োগ করুক, আমরা সব জানি। পিসিবিতে বিভিন্ন বিষয় তদারকির দায়িত্বে যারা আছেন, তারাও এসব জানেন। তাই এখন শুধু একজনকে দোষ না দিয়ে যদি সত্যিই সঠিক পথে যেতে চান, তাহলে সবাইকেই (জবাবদিহির) আওতায় আনতে হবে।’