পাকিস্তানে ঘূর্ণিঝড় আসনার প্রভাবে ভারী বৃষ্টি, নিহত ২৪

আরব সাগরের উত্তর–পূর্বাংশে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আসনা’এর কারণে ভারী বৃষ্টিপাতের কবলে পাকিস্তানের করাচিসহ আশে-পাশের এলাকা। আসনার প্রভাবে ভারী বৃষ্টিতে এরই মধ্যে দেশটিতে ২৪ জনের মৃত্যু হয়েছে।

বর্তমানে পাকিস্তানের করাচি থেকে মাত্র ১২০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে ঘূর্ণিঝড় আসনা। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।

পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর (পিএমডি) অনুসারে, ঘূর্ণিঝড় আসনা উপকূলীয় অঞ্চলে সরাসরি কোনো হুমকি সৃষ্টি না করলেও শনিবার সিন্ধু ও বেলুচিস্তানের বেশ কয়েকটি শহরে প্রবল ঝড়ো বাতাস এবংমাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।

এদিকে ডনের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার উত্তরের আপার দিরে অবিরাম বর্ষণে ভূমিধসের কারণে বাড়ির ছাদ ধসে একই পরিবারের ১৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সিন্ধুর জামশোরো, দাদু ও মিরপুরখাস জেলায় ভারী বৃষ্টিতে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে।

এদিকে ভারী বৃষ্টিতে পাকিস্তানের উপকূলীয় অঞ্চলগুলো কৃষি জমির ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সিন্ধুর উপকূলীয় জেলাতে ধান, টমেটো ও তুলা নষ্ট হয়ে গেছে বলে জানান স্থানীয়রা। এদিকে গিলগিট-বালতিস্তানেও বন্যা ও ভূমিধসের কারণে রাস্তা ও বিদ্যুতের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

আগস্ট মাসে আরব সাগরে ঘূর্ণিঝড় একটি বিরল ঘটনা। পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তরের মহাপরিচালক মহর সাহেবজাদ খান জানান, ১৯৬৪ সালের পর ৬০ বছরের মধ্যে এই প্রথম এমন ঘূর্ণিঝড় তৈরি হয়েছে।