নাটোরের সিংড়ায় চলনবিল প্রিমিয়াম মিষ্টান্ন ভাণ্ডারের স্বত্ত্বাধিকারী তপন কুমার হালদার (৩০) ও রবিন কুমার কুণ্ডুকে (৩৩) হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করেছে নিজ দোকান কর্মচারী সুপ্ত কুমার পাল। গত শুক্রবার রাত ১টার দিকে সিংড়া থানা মোড়ের তপন কুমার হালদারের বাড়িতে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে থানা পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় আহতদের উদ্ধার করে প্রথমে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রাতেই তাদেরকে রামেক হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক। হামলাকারী দোকান কর্মচারী সুপ্ত কুমার পাল পাশের নন্দীগ্রাম উপজেলার দাস গ্রামের সুদেব পালের ছেলে।
সিংড়া থানার ওসি আবুল কালাম জানান, সিংড়া বাজারের থানা মোড় এলাকার চলনবিল প্রিমিয়াম মিষ্টান্ন ভাণ্ডারের কর্মচারী সুপ্ত কুমার পাল কর্মরত অবস্থায় দোকান থেকে দুই লাখ টাকা চুরি করে পালিয়ে যায়। পরবর্তীতে গত শুক্রবার বিকেলে সুপ্ত কুমার পাল ও তার বাবা সুদেব পালকে কৌশলে ডেকে নেন দোকান মালিক তপন হালদার। পরে তাদেরকে নিজ বাড়ির দোতলায় একটি ঘরে আটকে রেখে তাদের সঙ্গে নিজেরাও ঘুমিয়ে পড়েন।
ওসি আবুল কালাম আরও জানান, একপর্যায়ে গভীর রাতে ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত দোকান মালিক তপন কুমার হালদার ও রবিন কুমার কুণ্ডুকে রক্তাক্ত জখম করে পালিয়ে যায় সুপ্ত কুমার পাল। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।