অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা মোহাম্মদ আমির এখন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে ব্যস্ত। সেই আসরের একটি ম্যাচে উদারহস্তে রান বিলিয়ে তিনি দলকে হার নিশ্চিত করলেন। জয়ের জন্য শেষ তিন ওভারে ৪৭ রান প্রয়োজন ছিল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের। ১৮ এবং ২০তম ওভারে মোট ৩৬ রান দিয়ে তিনি গায়ানার কাজটা সহজ করে দেন।
অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে স্থানীয় সময় ৩০ আগস্ট আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৬৮ রান তোলে আমিরের দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। ১৮তম ওভারে এসে ১৮ রান খরচ করেন আমির। পরের ওভারে শেফার্ডকে আউট করে অ্যান্টিগার ম্যাচটা হাতের মুঠোয় এনে দিয়েছিলেন শামার স্প্রিঙ্গার। শেফার্ড যখন আউট হন, তখনো গায়ানার প্রয়োজন ছিল ৯ বলে ২২ রান, যা শেষ ওভারে দাঁড়ায় ১৬ রানে।
এমতাবস্থায় অভিজ্ঞ আমিরের ওপরই ভরসা রাখেন অ্যান্টিগা অধিনায়ক ক্রিস গ্রিন। কিন্তু আমির যে এভাবে ডোবাবেন- তা কে জানত? প্রথম ৪ বলে ৮ রান দেওয়া আমির শেষ দুই বল করেন ওয়াইড লেন্থে। পঞ্চম বলে পয়েন্ট দিয়ে ৪ মারার পর শেষ বলটি লং অনের ওপর দিয়ে সীমানাছাড়া করেন গায়ানা অলরাউন্ডার ডোয়াইন প্রিটোরিয়াস। অথচ এই আমিরই নিজের প্রথম দুই ওভারে মাত্র ৩ রান দিয়েছিলেন। এই নিয়ে টানা দুই ম্যাচ হারল অ্যান্টিগা।
খেলার শেষে অবশ্য আমিরের পাশে দাঁড়ালেন অ্যান্টিগা অধিনায়ক ক্রিস গ্রিন, ‘এটা দুর্ভাগ্যজনক। দুটি ম্যাচই শেষ ওভারে গেল। দুই ম্যাচ থেকে আমরা এক পয়েন্টও পাইনি। এই ম্যাচগুলোকে আমাদের অনেক কিছু শেখার আগে। আমরা যেভাবে লড়াই করেছি, তাতে আমি গর্বিত। আমির বিশ্বের অন্যতম সেরা বোলার। যখন আপনি কঠিন ওভারগুলো করবেন, মাঝেমধ্যে আপনি মানুষ হিসেবে ধরা দেবেন। এখান থেকে আমাদের সামনে এগোতে হবে।’