বন্যার্তদের মাঝে তৃতীয় ধাপে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহায়তা 

বন্যাদুর্গত এলাকা ফেনী-নোয়াখালীতে তৃতীয় ধাপে প্রায় ৭০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইইই-২৬) ইভিনিং ব্যাচের শিক্ষার্থীরা। শুক্রবার (৩০ আগস্ট) সকাল ৬টায় পিকাপ ভর্তি খাদ্য সামগ্রী নিয়ে ৭ সদস্যের একটি টিম ফেনী-নোয়াখালী বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে।

ফেনী-নোয়াখালী স্থানীয় মানুষের সহযোগিতায় বিভিন্ন পানিবন্দি এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ফেনীর গোবিন্দপুর, লালপোল, সেলোনিয়া, সদর সালাউদ্দিন রোড, কলেজ রোড, ফুলগাজী এবং নোয়াখালির ডাক্তার হাট, কবির হাট, মাইজদী রাজগঞ্জ গ্রামসহ আশেপাশের পানিবন্দি বিভিন্ন এলাকায় খাদ্য সামগ্রী পৌঁছে দেয় শিক্ষার্থীরা। 

এ প্রসঙ্গে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইইই বিভাগের সহকারী অধ্যাপক আকিব জায়েদ ইসলাম বলেন, আমাদের শিক্ষার্থীরা বন্যার শুরু থেকে পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে এবং আমাদের শিক্ষার্থীরা গণমানুষের সহযোগিতা ও নিজেদের সাধ্য অনুযায়ী বন্যাদুর্গত এলাকাগুলোতে খাদ্য সামগ্রী বিতরণ করেছে।