রাশিয়ার পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপের আকাশে ২২ জন আরোহীসহ একটি হেলিকপ্টার নিখোঁজ হয়েছে। তাদের মধ্যে তিনজন ক্রু সদস্য এবং ১৯ জন যাত্রী। শনিবার রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের বরাতে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স ফেডারেল এয়ার ট্রান্সপোর্ট এজেন্সিকে উদ্ধৃত করে জানিয়েছে, এমআই-এইট হেলিকপ্টারটি শনিবার ভচকাজেতাস আগ্নেয়গিরির নিকটবর্তী একটি ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল, ক্রুদের স্থানীয় সময় বিকাল ৪টায় রিপোর্ট করার কথা থাকলেও তারা তা করেনি। ওই অঞ্চলে ঘন কুঁয়াশা থাকায় তল্লাশি ও উদ্ধার অভিযান বিঘ্নিত হচ্ছে বলে দেশটির জরুরি মন্ত্রণালয় জানিয়েছে।
এমআই-৮ মডেলের হেলিকপ্টারটি ভাচকাজেটস আগ্নেয়গিরির কাছে একটি ঘাঁটি থেকে উড্ডয়ন করার পর আসলে কী ঘটেছিল তা এখনো নিশ্চিত হওয়া যায়নি এবং যাত্রীদের অবস্থা সম্পর্কেও কোনো তথ্য মেলেনি। রাশিয়াসহ ওই অঞ্চলে দুই ইঞ্জিনের এমআই-এইটটি হেলিকপ্টারটি খুবই জনপ্রিয়। এটি ১৯৬০ সালে বাজারে আনা হয়।
এর আগে গত ১২ আগস্ট ১৬ জন যাত্রী নিয়ে এমআই-এইট এর একটি হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ে। পরে ১৩ জন যাত্রী এবং তিনজন ক্রু নিয়ে হেলিকপ্টারটি কামচাটকা লেকের পাশে অবতরণ করে। কামচাটকা উপদ্বীপটি পরিবেশগতভাবে পর্যটকদের কাছে জনপ্রিয় হওয়ায় এখানে অনেক পর্যটক এসে থাকে।