জোড়া সেঞ্চুরিতে '৩৪' এ রুট

লর্ডসে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে সেঞ্চুরি করে অ্যালিস্টার কুকের পাশে বসেছিলেন জো রুট। দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি করে রুট ছাড়িয়ে গেলেন কুককে। ৩৪তম সেঞ্চুরিতে রুট এখন ইংল্যান্ডের সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরিয়ান।

আন্তর্জাতিক ক্রিকেটে এটি রুটের ৫০তম সেঞ্চুরি। টেস্টে ৩৪টি ছাড়াও ওয়ানডেতে ১৬ সেঞ্চুরি আছে তার। আন্তর্জাতিক ক্রিকেটে অন্তত্য ৫০ সেঞ্চুরি করা নবম ক্রিকেটার হলেন রুট।

দ্বিতীয় ইনিংসে রুট সেঞ্চুরি পূর্ণ করেন ১১১ বলে। এটিই টেস্টে রুটের দ্রুততম সেঞ্চুরি। অবশ্য সেঞ্চুরির পর বেশি দূর এগোতে পারেননি রুট। ১২১ বলে ১০৩ রানে থামেন। রুটের ১০৩ রানের ইনিংসে ছিল ১০টি চার।

এই প্রথম রুট টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি করলেন। লর্ডসে এটি রুটের সপ্তম সেঞ্চুরি। তাতে লর্ডসে সবচেয়ে বেশি সেঞ্চুরি করা ইংল্যান্ডের খেলোয়াড়ও হলেন রুট। লর্ডসে দুই ইনিংসেই সেঞ্চুরি করা চতুর্থ খেলোয়াড় রুট।

রুটের সেঞ্চুরিতে ভর করে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ২৫১ রানে অলআউট হয়। তাতে শ্রীলঙ্কার জয়ের জন্য টার্গেট দাঁড়িয়েছে ৪৮৩ রান।