ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক, পিরোজপুর জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ইসহাক আলী খান পান্নার লাশ দেশে এসেছে। ভারতের মেঘালয় রাজ্য-পুলিশ গতকাল শনিবার দুপুরে সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে তার লাশ হস্তান্তর করে।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে পান্নার লাশ গ্রহণ করেন তার ভাতিজা কামরুজ্জামান খান নাবিল। এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা পুলিশের এএসপি (সার্কেল) রফিকুল ইসলাম, গোয়াইনঘাট থানার ওসি হারুনুর রশিদ, তামাবিল ইমিগ্রেশনের ইনচার্জ রফিকুল ইসলাম, বিজিবির হাবিলদার সুরচন্দ্র প্রমুখ।
বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত খবর অনুযায়ী, ২৪ আগস্ট রাতে সিলেটের কানাইঘাটের দনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান পান্না। গত ২৬ আগস্ট ভারতে তার অর্ধগলিত লাশ উদ্ধার করে উমকিয়াং থানা-পুলিশ। তার মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। প্রথমে বলা হয়েছিল ভারতের মেঘালয় রাজ্যের শিলং যাওয়ার পথে পাহাড় থেকে পড়ে তার মৃত্যু হয়েছে।