নির্যাতনের শিকার সেই হাতিটি সাফারি পার্কে

কুমিল্লায় পায়ে শিকল বেঁধে নির্মম নির্যাতন করা হাতিটি উদ্ধার করে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের হাতিশালায় আনা হয়েছে। গতকাল শনিবার সকালে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, হাতিটি উদ্ধার করে কুমিল্লা বন বিভাগ।

কুমিল্লার বিভাগীয় বন কর্মকর্তা জিএম মোহাম্মদ কবির বলেন, একটি হাতির পায়ে শিকল বেঁধে নির্মমভাবে নির্যাতন করা হয়। নির্যাতনের ৩০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি আমাদের নজরে এলে আমরা বিস্তারিত জানার চেষ্টা করি। পাশাপাশি ওই ভিডিওটি যাচাই করে তা শনাক্তের পরে হাতিটি উদ্ধার করতে মন্ত্রণালয় থেকে আমাদের নির্দেশ দেওয়া হয়। নির্দেশনা মোতাবেক গত বৃহস্পতিবার কুমিল্লার মুরাদনগর উপজেলার সোনাই উল্ল্যাহ এলাকা থেকে হাতিটি উদ্ধার করা হয়।

তিনি বলেন, ‘হাতির সঙ্গে থাকা তিনজন মাহুত দোকানপাটে ঘুরে ঘুরে টাকা তুলতেন। টাকা তোলার সময় হাতিটি হঠাৎ বেপরোয়া হয়ে যায়। গত ২৪ আগস্ট দাউদকান্দি এলাকার বেশ কয়েকটি দোকানে তা-ব চালায় হাতিটি। পরে নিয়ন্ত্রণে আনতে সঙ্গে থাকা তিন মাহুত হাতিটিকে আঘাত করতে থাকেন। সে সময় ঘটনাস্থলে থাকা কেউ একজন এর দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে তা ফেসবুকে ছড়িয়ে দিলে মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। আমরা ঘটনাটির বিস্তারিত জানার জন্য কাজ শুরু করি। এরই মধ্যে হাতি নির্যাতনের বিষয়টি নজরে আসে পরিবেশ উপদেষ্টার। এরপর তিনি ওই হাতিটি উদ্ধারের নির্দেশ দেন এবং একে উদ্ধার করা হয়।’

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, হাতিটি বৃহস্পতিবার রাত ১০টার দিকে সাফারি পার্কে নিয়ে আসা হয়। পরে হাতিটি পার্কের হাতিশালায় আলাদাভাবে আটকে (কোয়ারেন্টাইনে) রাখা হয়েছে।