রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক শাকিল-রুপা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীল আদাবরে পোশাককর্মী রুবেল হত্যা মামলায় একাত্তর টেলিভিশনের সাবেক বার্তাপ্রধান শাকিল আহমেদ ও প্রধান প্রতিবেদক উপস্থাপক ফারজানা রুপাকে দ্বিতীয় দফায় ৯ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত।

গতকাল শনিবার মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার পরিদর্শক মিন্টু চন্দ্র বণিক এই দম্পতিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। তাদের পক্ষের আইনজীবী জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরী জামিন আদেন নাকচ করে দিয়ে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ২১ আগস্ট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে আটক করা হয়। সেদিন তারা টার্কিশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজে ফ্রান্সের রাজধানী প্যারিসে যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে গিয়েছিলেন। পরদিন ২২ আগস্ট রাজধানীর উত্তরা পূর্ব থানার ফজলুল করিম হত্যা মামলায় সাংবাদিক শাকিল ও ফারজানা রুপাকে  চার দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় আদালত। ২৬ আগস্ট রুবেল হত্যা মামলায় তাদের আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।