এমবাপ্পেহীন পিএসজি নিয়েও সন্তুষ্ট এনরিকে

গ্রীষ্মের দলবদলে ক্লাবে যে কজন ফুটবলার এসেছেন, তাতে খুশি পিএসজি কোচ লুইস এনরিকে। এখন খেলোয়াড়দের থেকে সেরাটা বের করে আনার দিকে মনোযোগ তার।

তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে ক্লাব ছেড়ে ফ্রি ট্রান্সফারে রিয়াল মাদ্রিদে যাওয়ার পর এবারের দলবদলে পিএসজি দলে টেনেছে চার জন খেলোয়াড়কে- ডিফেন্সিভ মিডফিল্ডার জোয়াও নেভেস, উইঙ্গার ডিজিয়ে দুয়ে, সেন্টার-ব্যাক পাচো উইলিয়ান ও গোলরক্ষক মাতভেই সাফোনোভ।

এমবাপ্পের জায়গায় গোল স্কোরার খুঁজতে গিয়ে তারা খেয়েছে আরেক ধাক্কা। চোটে ছিটকে গেছেন পর্তুগিজ স্ট্রাইকার গনসালো রামোস। ধারণা করা হচ্ছে, তিন মাস বাইরে থাকতে হবে তাকে।

লিগ ওয়ানে আজ রাতে লিলের মুখোমুখি হবে পিএসজি। আগের দিন সংবাদ সম্মেলনে এনরিকে বললেন, স্কোয়াড নিয়ে সন্তুষ্ট তিনি, 'আমরা নতুন খেলোয়াড়দের দলে টানতে চাই এবং তাদের দাম খুব বেশি ছিল। আমার কাছে যে খেলোয়াড়রা আছে, আমি তাদের মান নিয়ে খুশি, এখন তাদের সম্ভাবনাকে বিকশিত করতে হবে।'

তিনি যোগ করেন, 'আমার কাছে কিছু প্রতিভাবান খেলোয়াড় আছে, আমরা যে পরিকল্পনা করেছিলাম, তার সঙ্গে এই দলে তারা মানিয়ে যায়। পাচো, দুয়ে ও নেভেস- তারা অনেক ভিন্ন ভূমিকায় খেলতে পারে... তাই আমার দলে অনেক বিকল্প আছে।'