ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের সীমা বাড়ল 

নতুন মাসে ব্যাংক থেকে চেকের মাধ্যমে নগদ টাকা উত্তোলনের সীমা বাড়লো। আজ রোববার (১ সেপ্টেম্বর) থেকে যেকোনো ব্যাংকে সর্বোচ্চ নগদ পাঁচ লাখ টাকা উত্তোলন করা যাবে।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত প্রযোজ্য হবে বলে ব্যাংকগুলোকে এক বার্তায় এ নির্দেশনা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। শনিবার রাতে এই নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক।

এর আগের সপ্তাহে ব্যাংকগুলো থেকে নগদ সর্বোচ্চ ৪ লাখ টাকা তোলার সুযোগ ছিল।

অন্তর্বর্তী সরকারের শপথ নেওয়ার দিন গত ৮ আগস্টে ব্যাংক থেকে চেকের মাধ্যমে নগদ টাকা তোলা সীমিত করে দেয় বাংলাদেশ ব্যাংক। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে সরকারের পতন হয়।

আগের সরকারের লোকজন যাতে ব্যাংক থেকে বেশি বেশি টাকা উত্তোলন করে পাচার এবং সন্ত্রাসী কাজে ব্যবহার করতে না পারে সে লক্ষেই এই ব্যবস্থা নেওয়া হয়।  

গত সপ্তাহে সর্বোচ্চ চার লাখ এবং আগের সপ্তাহগুলোতে যথাক্রমে সর্বোচ্চ তিন লাখ এবং দুই লাখ টাকা উত্তোলন করার সুযোগ ছিল। এরপর থেকে প্রতি সপ্তাহে নগদ উত্তোলনের সীমা ধারাবাহিকভাবে বাড়ানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় রোববার থেকে চেকের মাধ্যমে টাকা উত্তোলনের সীমা পাঁচ লাখে উন্নতি করা হলো।

অন্যদিকে চেকের মাধ্যমে পাঁচ লাখ টাকার বেশি তোলা না গেলেও ডিজিটাল লেনদেনে যেকোনো পরিমাণ টাকা স্থানান্তর করার সুযোগ থাকছে।