আগের ওভারে জীবন পেয়ে পরের ওভারেই ফিরলেন জাকির

বিনা উইকেটে ১০ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছে বাংলাদেশ। দিনের তৃতীয় আর মীর হামজার দ্বিতীয় ওভারের প্রথম বলে শর্ট স্কয়ার লেগে ক্যাচ দেন জাকির হাসান। ক্যাচটি নিয়ে আবরার আহমেদ আবেদনও করেন। কিন্তু মাঠের আম্পায়ারের ক্যাচটি নিয়ে দ্বিধা ছিল বলে তিনি তৃতীয় আম্পায়ারের কাছে সিদ্ধান্তের ভার দেন। 

টিভি রিপ্লেতে দেখা যায়, ক্যাচ আবরারের হাতে যাওয়ার আগে মাটিতে পড়েছে। ধারাভাষ্য কক্ষে উরুজ মুমতাজ বললেন, ‘তার (আবরার) লেন্সগুলো ফিরিয়ে আনা প্রয়োজন।’

তবে উইকেটের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। সেটাও সেই আবরারের হাতেই ক্যাচ দিয়ে। 

দিনের তৃতীয় ওভারে একপ্রকার ‘জীবন’ই পেয়েছেন জাকির হাসান। কিন্তু পরের ওভারে আর ‘জীবন’ পেলেন না তিনি। দিনের চতুর্থ ওভারে খুররম শেহজাদের বলে স্কয়ার লেগে আবরার আহমেদের কাছে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি ব্যক্তিগত ১ রান করে। বাংলাদেশের রান ১ উইকেটে ১৫।