যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে বাস দুর্ঘটনায় শিশুসহ সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয় বছরের এক ছেলে শিশু এবং তার ১৬ বছরের বোন রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৭ জন।
স্থানীয় সময় শনিবার ভোররাতে ওয়ারেন কাউন্টির বোভিনার কাছে ভলভো নামের একটি বাণিজ্যিক বাস যাত্রী পরিবহনকালে রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় উল্টে যায়। এতে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। খবর আল জাজিরা।
অঙ্গরাজ্যের কর্মকর্তা ডগ হাস্কি জানান, নিহত দুই ভাই-বোনেকে তাদের মা চিহ্নিত করেছেন। বাকীদের পরিচয় সনাক্তে কাজ করছে কর্তৃপক্ষ।
বাস দুর্ঘটনায় আহত ৩৭ জনকে বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে। বাসটিতে চালকের সহকারী ছিল না। বাসটিতে যেসব যাত্রী ছিলেন তাদের অধিকাংশ ল্যাটিন আমেরিকার বাসিন্দা।
ওয়ারেন কান্ট্রি সেরিফ মার্টিন পেস এবিসি অ্যাফিলিয়েটকে বলেন, যে কোনো সময়ই মানুষ আহত বা নিহত হতে পারে। এমন ঘটনা সব সময়ই বেদনার। তবে দুর্ঘটনার বড় ধরনের মৃত্যুর ঘটনা ঘটলে সেটি আরও বেদনাদায়ক।
এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে। তবে দুর্ঘটনায় মৃতদের নাম প্রকাশ করা হয়নি এবং তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোন তথ্য দেয়নি কর্তৃপক্ষ।