৫২ বছর বয়সী শ্রীলেখাকে হটপ্যান্টে দেখে কটাক্ষ

আর জি কর কাণ্ড নিয়ে প্রতিবাদের ঝড় কলকাতা শহর জুড়ে। বৃহত্তর বাংলায় আছড়ে পড়ছে প্রতিবাদের ঢেউ। নির্যাতিতা তরুণীর জন্য বিচার চেয়ে পথে নেমেছিলেন শ্রীলেখা মিত্র। তবে দু-দিন আগে চুপিসাড়ে শহর ছেড়েছেন শ্রীলেখা। ৩০শে আগস্ট অর্থাৎ শুক্রবার ছিল অভিনেত্রীর জন্মদিন।

নিজের জীবনের এই বিশেষ দিনটা একান্তে কাটাতেই পাহাড়ের কোলে উড়ে যান শ্রীলেখা । উত্তরবঙ্গে খানিকটা সময় কাটালেন অভিনেত্রী। নায়িকারা নিজেদের বয়স ফাঁস করার পক্ষপাতী নন। কিন্তু বরাবরই উলটো পথের পথিক শ্রীলেখা। নিজের বয়স নিয়ে রাখঢাক পছন্দ নয় তার। কারণ বয়স তার কাছে শুধুই একটা সংখ্যা।

৫২-য় পা দিলেন শ্রীলেখা। ১৯৭২-এর ৩০শে আগস্ট জন্ম অভিনেত্রীর। এজ শেমিং-এর পরোয়া করেন না অভিনেত্রী। মনের দিক থেকে অবশ্য আজও অভিনেত্রীর বয়স ২৫! এই বছরের জন্মদিনটা শহরের কোলাহল থেকে দূরে কাটালেন শ্রীলেখা। অভিনেত্রীর কথায়, ‘এই বছরের জন্মদিনে আমার নিজেকে দেওয়া উপহার এই ট্রিপ!’

হিমালয়ের কোলে নিরিবিলিতে কিছু অচেনা মানুষদের সঙ্গেই কাটালেন জন্মদিনের মুহূর্ত। এরপর ডেনিম হট প্যান্ট আর কালো টি-শার্ট পরে চলল পাহাড়ের আঁকাবাকা রাস্তায় একটু বেড়ু বেড়ু।

উত্তরবঙ্গের নৈসর্গিক সৌন্দর্যের ঝলক উঠে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া শ্রীলেখার পোস্টে। তিনি তার পোস্টে লিখেন, ‘এই দুদিনেই মায়ায় জড়ালাম যাদের সাথে ....পথিক আমি,পথ চলাতেই আনন্দ’। তবে এই আনন্দের মুহূর্ত দেখেও নেটপাড়ার একাংশ কটাক্ষ করতে ছাড়েনি। একজন লেখেন, ‘আপনার সব প্রতিবাদ শেষ?’ আরেকজন লেখেন- ‘মদ খেতে মাতাল হয়ে ফটোশ্যুট করছে ম্যাডাম….’।

শ্রীলেখা ছেড়ে দেওয়ার পাত্রী নন । নিন্দকদের কড়া জবাবে অভিনেত্রী লিখেন, ‘তুমিও একজন রেপিস্ট মনে হচ্ছে ভাই যে মেয়েদের এরকম কথা বলার সাহস পেলে? তোমার মতো পুরুষ মানুষ আছে বলেই মেয়েরা ভিক্টিমাইজড হয়। শুধরে যা বাছা কোনও দিদি বাঁচাবে না’।

এর আগে মালায়ালি পরিচালক রণজিৎ এর নামে বিস্ফোরক মন্তব্য করে সংবাদ শিরোনামে উঠে আসেন শ্রীলেখা। তিনি বলেছিলেন, একটি ছবির কাজ কেরল গিয়েছিলেন তখন তাকে পরিচালক হেনস্থা করেন। রণজিৎ পরিচালিত 'পালেরি মানিক্যম: অরু পাথিরাকোলাপথাকাথিনতে কথা' ছবিতে কাজ করার জন্য তিনি সেখানে গিয়েছিলেন।

অভিনেত্রীর অভিযোগ করেন, প্রযোজক এবং ছবির অন্যান্য কলাকুশলীদের সঙ্গে দেখা করানোর জন্য হোটেলে ডেকেছিলেন রণজিৎ। এরপর হঠাৎ করেই হোটেল রুমে শ্রীলেখার চুড়ি নিয়ে খেলতে শুরু করেন রণজিৎ। এরপর ঘাড়ে হাত দেন, চুল সরাতে যান। পরিচালকের আচরণে অস্বস্তিবোধ করেন শ্রীলেখা, তা স্পষ্ট বুঝিয়ে সেখান থেকে বেরিয়ে আসেন অভিনেত্রী। পরে জানান এই ছবিতে আর কাজ করবেন না।

শ্রীলেখার এ অভিযোগকে অবশ্য অসত্য বলেই দাবি করেছিলেন রঞ্জিত। তিনি বলেন, ছবিতে অভিনয়ের সুযোগ না পেয়েই যৌন হেনস্তার অভিযোগ করেছেন শ্রীলেখা।

তবে অভিনেত্রীর এ অভিযোগের ২৪ ঘণ্টা পেরোনোর আগেই পদত্যাগ করেছেন রঞ্জিত। শুধু তিনি নন, ওই একই দিনে ‘কেরালা চলচ্চিত্র অ্যাকাডেমি’র সহসম্পাদক অভিনেতা সিদ্দিকও ইস্তফা দিয়েছেন বলে জানা গেছে। সিদ্দিকের বিরুদ্ধেও যৌন হেনস্তার অভিযোগ আনেন অভিনেত্রী রেবতী সম্পত।