পিকআপে সবজির আড়ালে ফেন্সিডিল, গ্রেপ্তার ২

গাজীপুরে পিকআপ ভ্যানে সবজির আড়ালে পাচারকালে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)।

রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (অপস্ এন্ড মিডিয়া অফিসার) মো. মাহফুজুর রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার দিবাগত রাত ১২টার দিকে র‌্যাব-১ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে ঠাকুরগাঁও থেকে একটি নাম্বার বিহীন পিকআপে ফেন্সিডিলের একটি বড় চালান গাজীপুরের কালিয়াকৈর হয়ে চৌরাস্তার দিকে আসছে। পরবর্তীতে তল্লাশি চালিয়ে সাড়ে ১২টায় ফেন্সিডিল বহনকারী পিকআপ ভ্যানটি আটক করা হয় এবং পিকআপের ড্রাইভার মোঃ রাসেল ব্যাপারী (৩৭) এবং আরেকজন মোঃ সোহরাব হোসেনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের কাছ থেকে ৬৫১ বোতল ফেন্সিডিল, ১ টি নীল রংয়ের নাম্বার বিহীন পিকআপ, ২টি মোবাইল ফোন, নগদ ১৫০০ টাকা এবং পিকআপে থাকা ১৯ বস্তায় ৭৬০ কেজি বেগুন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা জানায়, তাঁরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে চোরাই পথে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল ঢাকা ও গাজীপুরসহ আশে-পাশের বিভিন্ন জেলায় কেনা-বেচা করত।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।