ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে ব্যাপক বাক-বিতণ্ডা প্রতিরক্ষামন্ত্রীর

ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজাতে যুদ্ধবিরতি চুক্তির শর্ত এবং জিম্মি মুক্তি নিয়ে ব্যাপক বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। গত বৃহস্পতিবার রাতে দেশটির নিরাপত্তাসংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে এ ঘটনা ঘটে।

ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর বরাতে এ খবর জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।

টাইমস অব ইসরায়েলের বরাতে সিএনএন জানায়, কোনো চুক্তির অংশ হিসেবে ফিলাডেলফি করিডোর থেকে ইসরায়েলি সেনারা সরে যাবেন কি না, এমন প্রশ্নে ঝগড়া করেন নেতানিয়াহু ও গ্যালান্ট। ১৪ কিলোমিটার দীর্ঘ এই করিডর গাজা-মিসর সীমান্তে অবস্থিত।

বর্তমানে ফিলাডেলফি করিডোর ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফের নিয়ন্ত্রণের রয়েছে। যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে করিডোরটিতে ইসরায়েলি সেনা মোতায়েন, ইসরায়েল এবং হামাসের মধ্যে বিরোধের প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে। হামাসের দাবি, যুদ্ধবিরতির সময় ইসরায়েলি সৈন্যদের অবশ্যই সীমান্ত অঞ্চল থেকে প্রত্যাহার করতে হবে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবারের বৈঠকে নেতানিয়াহু একটি ম্যাপ দেখিয়ে বলেন, মন্ত্রিসভার অনুমোদন সাপেক্ষে তিনি ফিলাডেলফি করিডরে ইসরায়েলি সেনা মোতায়েন করে রাখতে চান। তখন গ্যালান্ট বলেন, এতে হামাস একমত হবে না। ফলে তারা কোনো যুদ্ধবিরতি চুক্তিতে যাবে না। এর জেরে জিম্মি ব্যক্তিদেরও ইসরায়েলে ফিরিয়ে আনা সম্ভব হবে না।

এ বিষয়ে বেশ কিছুক্ষণ উত্তপ্ত বাক্য বিনিময় হয় নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের মধ্যে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ক্ষুব্ধভাবে দাবি প্রত্যাখ্যান করলেও গ্যালান্ট অবিচল ছিলেন। বৈঠকে চিফ অফ দ্য জেনারেল স্টাফ হারজি হালেভির কাছ থেকে সমর্থন পেয়েছিলেন গ্যালান্ট।

গ্যালান্ট অভিযোগ করেন, নেতানিয়াহু কায়রোতে ইসরায়েলি আলোচকদের পছন্দের ভিন্ন মানচিত্র তৈরি করেছেন। এসময় রাগান্তিতভাবে নেতানিয়াহু তার প্রতিরক্ষামন্ত্রীর দাবি উড়িয়ে দেন। কিন্তু গ্যালান্ট জোর দিয়ে বলেছেন, আপনি অবশ্যই এটি জোর করে করেছেন। 

গ্যালান্ট আরও বলেন, প্রধানমন্ত্রী প্রকৃতপক্ষে সকল সিদ্ধান্ত নিতে পারেন এবং তিনি সকল জিম্মিকে হত্যার করার সিদ্ধান্তও নিতে পারেন। ৩০ জন জিম্মির জীবন শঙ্কার মধ্যে আছে বলে উল্লেখ করেছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী।

পরে নেতানিয়াহুর উপস্থাপন করা ম্যাপের অনুমোদনের জন্য ভোটাভুটির আয়োজন করা হয়। নেতানিয়াহুর পক্ষে ভোট পড়ে আটটি। বিপক্ষে ভোট দেন শুধু গ্যালান্ট। আর ভোটদানে বিরত ছিলেন ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির।