কবে মা হচ্ছেন দীপিকা, যা জানা গেল 

বছরের শুরুতেই সুখবর দিয়েছিলেন তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। জানিয়েছিলেন তাদের সংসারে আসছে নতুন সদস্য। ক্রমশ এগিয়ে আসছে সেই দিন। সেপ্টেম্বরেই মা হওয়ার কথা দীপিকার। এবার প্রকাশ্যে এল, ঠিক কবে অভিনেত্রীর কোলে আসছে তার প্রথম সন্তান।

জানা গেছে, ২৮ সেপ্টেম্বর দীপিকা তার প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন। দক্ষিণ মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে দীপিকা ভর্তি হবেন বলেও জানা গেছে। প্রথম দিকে শোনা গিয়েছিল, সন্তান জন্ম দেওয়ার আগেই দীপিকা ও রণবীর পৌঁছাবেন লন্ডনে। সেখানেই এক হাসপাতালে সন্তানের জন্ম দেবেন অভিনেত্রী।

জানা যাচ্ছে, বেশ কিছু দিন মাতৃত্বকালীন ছুটিতে থাকবেন দীপিকা। ২০২৫-এ মার্চ থেকে ফের কাজ শুরু করবেন অভিনেত্রী। তবে সন্তানের জন্ম তারিখে রয়েছে একটি চমক। ২৮ সেপ্টেম্বর দীপিকার প্রাক্তন প্রেমিক তথা অভিনেতা রণবীর কাপুরেরও জন্মদিন।

দীপিকাকে সর্বশেষ দেখা গেছে ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতে। অন্তঃসত্ত্বা থাকাকালীন এই ছবির শুটিং করেছিলেন অভিনেত্রী। ছবিতেও এক অন্তঃসত্ত্বা নারীর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। দীপাবলিতে দীপিকার আসন্ন ছবি ‘সিংহম এগেইন’ মুক্তি পাবে।