গাজায় টানেল থেকে ৬ জিম্মির লাশ উদ্ধার ইসরায়েলের

ফিলিস্তিনি ছিটমহল গাজার দক্ষিণাঞ্চলের একটি টানেল থেকে আরও ছয় জিম্মির লাশ উদ্ধার করেছে ইসরায়েলি বাহিনী। গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলার সময় তাদের জিম্মি করা হয়েছিল। রবিবার (১ সেপ্টেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।   

ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ) বলেছে, তারা কারমেল গ্যাট, ইডেন ইরুশালমি, হার্স গোল্ডবার্গ-পলিন, আলেকজান্ডার লোবানোভ, আলমগ সারুসি এবং মাস্টার সার্জেন্ট ওরি দানিনোর লাশ গাজার উপত্যাকার রাফা অঞ্চলের ভূগর্ভস্থ এক টানেল থেকে উদ্ধার করেছে। তাদের লাশ ইসরায়েল ভূখণ্ডে আনা হয়েছে। এদের মধ্যে হার্শ গোল্ডবার্গ-পলিন একজন আমেরিকান-ইসরায়েলি। 

ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগরি এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেছেন, আমাদের প্রাথমিক অনুমান হচ্ছে, আমরা তাদের কাছে পৌঁছানোর অল্প সময় আগে হামাসের সন্ত্রাসীরা তাদের নৃশংসভাবে খুন করেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, যে ছয়জন জিম্মির মৃতদেহ উদ্ধার হয়েছে তাদের মধ্যে ইসরায়েলি-আমেরিকান গোল্ডবার্গ-পোলিনের লাশও আছে। হোয়াইট হাউজের প্রকাশ করা এক বিবৃতিতে বাইডেন বলেছেন, “আমি বিধ্বস্ত ও ক্ষুব্ধ।“

গত বছরের ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরায়েলের দক্ষিণাঞ্চলে নজিরবিহীন আক্রমণ চালিয়ে প্রায় ১২০০ জনকে হত্যার পর প্রায় ২৫০ জনকে বন্দি করে গাজায় নিয়ে জিম্মি করে রাখে। যাদের লাশ পাওয়া গেছে তারা ওই জিম্মিদেরই অংশ।

এদিকে হামাসের আক্রমণের প্রতিশোধ নিতে ওই দিন থেকেই গাজায় ইসরায়েলের ভয়াবহ আক্রমণে ৪০ হাজার ৬৯১ জন ফিলিস্তিনি নিহত ও ৯৪ হাজার ৬০ জন আহত হয়েছেন। নিহতদের অধিকাংশই নারী ও শিশু।