গত ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজির (এমআইএসটি) কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র শাইখ আস্-হা-বুল ইয়ামিন এবং মেকানিক্যাল বিভাগের প্রাক্তন ছাত্র মো. রাকিবুল হোসেন শহীদ হন।
তাদের স্মৃতি রক্ষার্থে রবিবার (১ সেপ্টেম্বর) একটি অনুষ্ঠানের মাধ্যমে শহীদ শাইখ আস্-হা-বুল ইয়ামিনের নামে এমআইএসটির নবনির্মিত অডিটরিয়াম এবং শহীদ মো. রাকিবুল হোসেনের নামে এমআইএসটির মুক্ত মঞ্চের নামকরণ করা হয়। এছাড়াও এমআইএসটির কেন্দ্রীয় পাঠাগারে শহীদ ইয়ামিন-শহীদ রাকিবুল কর্ণার স্থাপন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে শহীদবৃন্দের বাবা-মাসহ নিকটআত্মীয় এবং এমআইএসটির সম্মানিত কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. নাসিম পারভেজ, সকল ডিন ও বিভাগীয় প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক এবং ছাত্ররা উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে আবেগঘন পরিবেশে শহীদদ্বয়ের স্মৃতিচারণ করা হয় এবং এ বিষয়ে একটি বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।