চাঁদপুর নার্সিং ইনস্টিটিউটে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, আহত ১০

চাঁদপুর নার্সিং ইনস্টিটিউটে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জেরে দুই পক্ষের মারামারির ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এর মধ্যে আহত ৭ শিক্ষার্থীকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থীরা জানান, গত ২১ আগস্ট শিক্ষার্থীদের ইনস্টিটিউটের ভেতর ১৩ দফা দাবি নিয়ে প্রতিষ্ঠান বরাবর স্মারকলিপি দেয়া হয়। এসব দাবি তা পূরণ না হওয়াকে কেন্দ্র করে সিনিয়র-জুনিয়রদের দ্বন্দ্ব শুরু হয়। এ নিয়ে রোববার সকাল থেকে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা শুরু হলে পরে তা মারামারি ও হাতাহাতিতে রূপ নেয়।

হাসপাতালের আরএমও ডাক্তার আসিবুল হাসিব বলেন, আমরা ৯ জনকে চিকিৎসা দিয়েছি। তবে এ ব্যাপারে কথা বলতে নার্সিং ইন্সটিটিউট গেলে কোনো শিক্ষার্থী কথা বলতে চাননি।

নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জ জয়নব বেগম বলেন, যে দাবি নিয়ে এ অবস্থার সৃষ্টি হয়েছে তা নিরসনে আমরা বসেছি। আশা করি সমাধান হয়ে যাবে।