রাস্তার মাঝে চেয়ারে বসে আয়েশ, ট্রাকের ধাক্কায় উল্টে পড়লেন যুবক

জাতীয় সড়ক দিয়ে ছুটে চলেছে একের পর এক গাড়ি। তার মাঝখানে প্লাস্টিকের চেয়ার নিয়ে খালি গায়ে পায়ের ওপর পা তুলে আয়েশি ভঙ্গিকে বসে আছেন এক যুবক। যেন এই রাস্তার মালিক তিনিই। 

চেয়ারে বসেই গাড়ি চলাচলের দৃশ্য উপভোগ করছেন তিনি। একপর্যায়ে পেছন থেকে আসা ট্রাকের ধাক্কায় উল্টে পড়েন যুবক। উল্টে পড়লেও তার ভাব তখনও শেষ হয়নি। নির্বিকারভাবে সেখানেই পড়ে থেকে ট্রাকটির দিকে তাকিয়ে আছেন যেটা তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে গেছে। 

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার মধ্যরাতে ভারতের উত্তরপ্রদেশের প্রতাপগড় এলাকায়। সামাজিক মাধ্যমে ওই যুবকের রাস্তার মাঝে বসে থাকার ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে। রবিবার (১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, উত্তরপ্রদেশের প্রতাপগড় এলাকায় অযোধ্যা থেকে প্রয়াগরাজের দিকে যাওয়ার যে জাতীয় সড়ক রয়েছে, সেখানেই এই কাণ্ড ঘটিয়েছেন ওই যুবক। তার নাম অজয় সোনি। উত্তরপ্রদেশের চিলবিলা এলাকার বাসিন্দা তিনি।

পুলিশের দাবি, মত্ত অবস্থায় জাতীয় সড়কের মাঝে চেয়ার নিয়ে বসে পড়েছিলেন তিনি। রাস্তায় ঠায় বসে এদিক-ওদিক তাকাচ্ছিলেন তিনি। হঠাৎ পেছন থেকে একটি ট্রাক ধাক্কা মারে ওই যুবককে।

পুলিশ জানায়, চেয়ারের হাতল ভেঙে ছিটকে রাস্তায় পড়ে যান অজয়। তবুও কোনো ভ্রুক্ষেপ নেই তার। রাস্তায় পা ছড়িয়ে বসেই থাকেন তিনি। পরে সেখান থেকে চিলবিলা থানার পুলিশ উদ্ধার করে। অজয়ের বাড়িতেও খবর পাঠায় পুলিশ।পরে অজয়ের পরিবারের লোকেরা থানায় পৌঁছলে তাদের হাতে অজয়কে তুলে দেয় উত্তরপ্রদেশ পুলিশ।

এনডিটিভি বলছে, ঘটনার আগে লোকটি রাস্তার একটি পুলিশ চেক পোস্টের কাছে বসে থাকলেও কেউ তাকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেয়নি। বরং পথচারীরা তাকে নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করতে ব্যস্ত ছিল। এরই মধ্যে পেছন থেকে একটি ট্রাক এসে তাকে ধাক্কা দেয়।