বজ্রঝড়-লঘুচাপ-নিম্নচাপ-তাপপ্রবাহ-বন্যা— সবই হতে পারে সেপ্টেম্বরে

চলতি সেপ্টেম্বর মাসে বৃষ্টিপাত, বজ্রঝড়, লঘুচাপ, নিম্নচাপ, তাপপ্রবাহ, বন্যা— সবই হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

সংস্থাটি বলছে, সেপ্টেম্বর মাসে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে দুই থেকে তিন দিন মাঝারি ধরনের বজ্রঝড় এবং সারা দেশে তিন থেকে পাঁচ দিন হালকা বজ্রঝড় হতে পারে।

সেপ্টেম্বর-২০২৪ মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, এ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে বঙ্গোপসাগরে এক থেকে দুটি বর্ষাকালীন লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমী নিম্নচাপে পরিণত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, এ মাসেই দেশে বিচ্ছিন্নভাবে এক থেকে দুটি মৃদু তাপপ্রবাহ (৩৬ ডিগ্রি থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যেতে পারে। এ মাসে দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা সামান্য বেশি থাকতে পারে।

দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আরও বলা হয়েছে, সেপ্টেম্বর মাসে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে মৌসুমী ভারী বৃষ্টিপাতজনিত কারণে কতিপয় স্থানে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

বিশ্ব আবহাওয়া সংস্থা অনুমোদিত জিপিসিএস, ইসিএমডাব্লিউএফ, জেএমএ, এনওএএ, আইআরআই, এপিসিসি, আরআইএমইএস এবং সিথ্রিএস থেকে প্রাপ্ত মডেল পূর্বাভাস, আবহাওয়া উপাত্ত, উর্ধ্বাকাশের আবহাওয়া বিন্যাস, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের বিশ্লেষিত আবহাওয়া মানচিত্র, জলবায়ু মডেল, এসওআই ইত্যাদির যথাযথ বিশ্লেষণ পূর্বক এ পূর্বাভাস দেওয়া হয়েছে।