গাজীপুরের কালিয়াকৈরে দীর্ঘসময় অপেক্ষা করেও শুধু নারী প্রার্থীদের নিয়োগ দিয়েছেন একটি পোশাক কারখানা কর্তৃপক্ষ। এতে ক্ষিপ্ত হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চাকরি বঞ্চিত পুরুষ প্রার্থীরা। এসময় ওই কারখানার শ্রমিক ও বঞ্চিত চাকরি প্রার্থীদের মধ্যে ইটপাটকেল ও ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটনা ঘটে। এতে মহাসড়কে যানজটের সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী।
এলাকাবাসী, চাকরি বঞ্চিত পুরুষ প্রার্থী ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার চন্দরা পল্লীবিদ্যুৎ এলাকায় ইন্টারস্টাফ অ্যাপারেলস লিমিটেড নামে পোশাক কারখানার সামনে এ ঘটনা ঘটে। প্রতিদিনের ন্যায় সোমবার সকালেও নারী-পুরুষ চাকরি প্রার্থীরা ওই কারখানার মূল ফটকের সামনে অবস্থান নেয়। কিন্তু তাদের দীর্ঘ সময় অপেক্ষা করিয়ে শুধু নারী প্রার্থীদের নিয়োগ দিয়েছে কারখানা কর্তৃপক্ষ। পরে কারখানার কর্তৃপক্ষ অন্যান্য চাকরি প্রার্থীদের চলে যেতে বললে উত্তেজনা দেখা দেয়। এসময় চাকরি বঞ্চিত পুরুষ প্রার্থীরা ওই কারখানার সামনে বিক্ষোভ করে এবং কারখানার দিকে ইটপাটকেল নিক্ষেপ করে।
পরে ওই কারখানার শ্রমিকরাও বঞ্চিত চাকরি প্রার্থীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায় পাশের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ রেখে বিক্ষোভ করে বঞ্চিত পুরুষ চাকরি প্রার্থীরা। এতে মহাসড়কের উভয়পাশে যানজটের সৃষ্টি হলে চরম দুর্ভোগে পড়েন পরিবহন শ্রমিক ও যাত্রীরা। এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে পুরুষ চাকরি প্রার্থীরা মহাসড়ক থেকে সরে গেলে প্রায় পৌণে ১ ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। এসময় সেনাবাহিনী হস্তক্ষেপে পোশাক শ্রমকিরাও শান্ত হয়ে কারখানার ভিতরে চলে যায়। এ বিষয়ে জানার চেষ্টা করেও ওই কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এদিকে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর নজরদারিতে রেখেছেন সংশ্লিষ্ট প্রশাসনের লোকজন।
চাকরি বঞ্চিত পুরুষ প্রার্থীদের অভিযোগ, ওই কারখানা কর্তৃপক্ষ শুধুমাত্র নারী চাকরি প্রার্থীদের নিয়োগ দিচ্ছে। কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করিয়ে আমাদের জানায় নতুন করে কোন পুরুষ শ্রমিক নিয়োগ দেয়া হবে না। এসময় আমাদের চলে যেতে বলতে আমরা সেখানেই অবস্থান করি। কিন্তু ছাদ থেকে আমাদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে ওই পোশাক কারখানার শ্রমিকরা। তবে নারীদের পাশাপাশি পুরুষ প্রার্থীদেরও চাকরি দেওয়ার অনুরোধ জানিয়েছেন চাকরি বঞ্চিতরা।
গাজীপুর শিল্প-২ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিতাই চন্দ্র সরকার জানান, ওই কারখানায় নারী শ্রমিকদের বেশি নেওয়া হচ্ছে। সেখানে পুরুষদের তেমন চাকরি দেওয়া হয় না। এ কারণে পুরুষ চাকরি প্রার্থীরা মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানায়। পরে সেনাবাহিনীর সহযোগিতায় তাদের সঙ্গে আলোচনা করে সরিয়ে দিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।