চিত্রনায়িকা মাহিয়া মাহির ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে কিছুদিন আগেও তুফান সিনেমার প্রচার চালানো হয়েছিল। একের পর এক প্রচার। মাহির ফেসবুক পেইজ থেকে অন্য কারো সিনেমার প্রচারে ভক্তরা অবাক হয়েছিলেন। সেসময়ই প্রশ্ন উঠেছিল এটি কি আসলেই মাহি নিয়ন্ত্রণ করেন? সেই প্রশ্নের তখন পাওয়া না গেলেও এবার মাহি নিজেই জানালেন প্রশ্নের উত্তর।
মাহির সেই ভেরিফায়েড পেইজের নিয়ন্ত্রণ অন্য কারোর হাতে। ২০১৪ সালে মাহির এই পেজটি হ্যাকড হয়। এখান থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন কিছু ছড়ানোও হয়েছে। এখনও পর্যন্ত তা নিজের নিয়ন্ত্রণে আনতে পারেননি মাহি। আর এর কারণ মাহি নিজের অ্যাকাউন্ট বা পেজ ভেরিফাইডও করতে পারছে না। বাধ্য হয়ে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে পরামর্শ চেয়েছেন অগ্নিকন্যা’খ্যাত এই চিত্রনায়িকা।
মাহি বলেন, ‘এই ভেরিফাইড পেজটা আমার কন্ট্রোলে নেই । ২০১৪ সালে কেও বা কারা হ্যাক করেছিলো । যেহেতু মাহিয়া মাহি নামে এটা ভেরিফাইড তাই আমার নতুন কোন পেজও আর ব্লু ব্যাজ পাচ্ছে না।’
প্রথম নয়, বছর দুয়েক আগেও মাহির ভেরিফায়েড ফেসবুক পেজটি হ্যাক করা হয়েছিল। সেবার তিনি পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের সহযোগিতায় পেজটি ফিরে পেয়েছিলেন। কিন্তু আবারও সেটি হাতছাড়া। মাহির ওই পেজটি প্রায় ৪৮ লাখ মানুষ ফলো করে।
অভিনেত্রী মাহিয়া মাহি। ২০১২ সালে ‘ভালোবাসার রং’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক তার। বিয়ে, সন্তান ও রাজনীতির করতে গিয়ে চলচ্চিত্রের ক্যারিয়ার থমকে গেছে তার। দ্বিতীয় স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর আবারও অভিনয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন এই চিত্রনায়িকা। মাঝে শাকিব খানের ‘রাজকুমার’ সিনেমায় নায়কের মায়ের চরিত্রে দেখা যায় তাকে। এরপর অনেক দিন পর্দায় অনুপস্থিত মাহি।