সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ সোমবার (২ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবি।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম-পুলিশ কমিশনার (উত্তর) মো. রবিউল হোসেন ভূঁইয়া। তিনি বলেন, ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে পাঁচটি হত্যা মামলা রয়েছে।
আনোয়ার হোসেন মঞ্জু পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পানিসম্পদমন্ত্রী। এর আগে তিনি আরও দুবার দুটি মন্ত্রণালয়ের মন্ত্রী (যোগাযোগমন্ত্রী ও জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মন্ত্রী) ছিলেন। মঞ্জু পিরোজপুর-২ আসন থেকে ছয়বার নির্বাচিত সংসদ সদস্য হয়েছিলেন।
আনোয়ার হোসেন মঞ্জু জাতীয় পার্টির একটি অংশের নেতা। যা জেপি নামে পরিচিত। তার বাবা তোফাজ্জল হোসেন মানিক মিয়া একজন নামকরা রাজনীতিবিদ এবং দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা ছিলেন। আনোয়ার হোসেন মঞ্জু ১৯৭২-১৯৭৫ সাল পর্যন্ত দৈনিক ইত্তেফাকের সম্পাদক ছিলেন।