কুকুর লেলিয়ে প্রেমিকের মেয়েকে খুন, গ্রেপ্তার প্রেমিকা

প্রেমিকের মেয়ের বয়স ৯। তাকে খুন করতে নিজের পোষা কুকুর লেলিয়ে দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হয়েছেন এক নারী। আহত শিশু জামাইরা সেশনসকে উদ্ধার করেছিল ফ্লোরিডার এক চিকিৎসক দল। পরে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।

দ্য ইন্ডিপেনডেন্টের খবরে বলা হয়, ঘটনাটি গত ১৭ জুনের। সেদিনই প্যারামেডিক্সের দলের কাছে খবর আসে অচেতন এক বালিকাকে পাওয়া গিয়েছে রক্তাক্ত অবস্থায়। অভিযুক্ত টিশেল এলিস মার্টিনের বাড়ির কাছেই দেহটি উদ্ধার হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। 

খবর পেয়ে বিশ্বাসই করতে পারছিলেন না নিহত বালিকার বাবা। তিনি বেশ কিছুদিন সেখানে ছিলেন না। তাকে সপ্তাহখানেক আগেই তার প্রেমিকা জানান, জামাইরাকে তার মা নিয়ে গিয়েছেন। 

নিহত বালিকার লাশের সুরতহাল করে দেখা যায়, তার শরীরে কুকুরের কামড়ের বহু চিহ্ন রয়েছে। কিন্তু ঘটনাটিকে খুন বলে মানতে চাননি তদন্তকারীরা। তদন্ত শুরু হওয়ার মাসখানেক পরে সিসিটিভি ফুটেজ হাতে আসতেই দেখা যায় এক ভয়ানক দৃশ্য। 

ভিডিওটিতে ৩৪ বছরের মার্টিনকে দেখা গিয়েছে নিজের পোষা রটওয়েলার কুকুরকে ছোট্ট মেয়েটির দিকে লেলিয়ে দিতে। এর পর তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে খুন, শিশু নিগ্রহ ও শিশুকে অবহেলার অভিযোগ আনা হয়েছে। 

এমনটাও জানা যাচ্ছে, মার্টিন নাকি জামাইরাকে প্রায়ই মারধর করতেন। গ্রেপ্তার মার্টিনকে গত ২৮ আগস্ট লেক কাউন্টি জেলে পাঠানো হয়। মার্টিন জামিনের আবেদন করলেও তা বাতিল হয়ে গিয়েছে।