মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন মা, বাস চাপায় প্রাণ গেলো দুজনেরই

কুমিল্লায় ক্যান্টনমেন্ট এলাকায় মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার সময় সড়ক পার হতে গিয়ে বাস চাপায় মা ও মেয়ে মৃত্যু হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ক্যান্টনমেন্ট এলাকার ফুটওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, কুমিল্লা সদর উপজেলার কালিরবাজার ইউপির বুধইর গ্রামের ফরিদ উদ্দিনের মেয়ে লিপি আক্তার (৩৫) এবং তার মেয়ে লামিসা আক্তার (১৩) । নিহত লামিসা সেনানিবাসের পাবলিক স্কুলের শিক্ষার্থী।

এ বিষয়ে নিহত লিপির মামাতো ভাই আইন উদ্দিন পাভেল বলেন, ‘লামিসা সেনানিবাসের পাবলিক স্কুলে পড়তো। প্রতিদিন লিপি আপা মেয়েকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার করে পৌঁছে দিয়ে আসতেন। আবার ছুটি হলে গিয়ে নিয়ে আসতেন। আজ সকালে স্কুলে যাওয়ার সময় রাস্তা পার হচ্ছিলেন। সে সময় সুগন্ধা নামে একটি দ্রুতগামী বাস দুজনকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে আপা মারা যান। ভাগনিকে হাসপাতালে ভর্তি করালে দুই ঘণ্টা আইসিইউতে থাকার পর সেও মারা গেছে।’

তিনি আরও বলেন, ’লামিসার বাবা সৌদি আরব প্রবাসী। নতুন বাড়ি করেছেন সেনানিবাসের পাশে। তিন দিন আগে একবারে দেশে চলে এসেছেন। কীভাবে তিনি এই শোক সইবেন জানি না।’

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, ‘দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযুক্ত পরিবহনের বিরুদ্ধে পরিবার মামলা করলে ব্যবস্থা নেওয়া হবে।’