টিপু মুনশির জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

রাজধানীর বাড্ডা ফুজি টাওয়ারের সামনে সুমন সিকদারকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এরপর এ মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন উপপরিদর্শক মো. রেজাউল আলম। এ সময় টিপু মুনশির আইনজীবী জামিন চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ২৮ আগস্ট রাতে রাজধানীর গুলশানে অভিযান চালিয়ে টিপু মুনশিকে গ্রেপ্তার করা হয়। পরদিন গত ২৯ আগস্ট তাকে আদালতে হাজির করা হয়। এরপর পুলিশ তদন্তের স্বার্থে ৮ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। এ সময় আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।