প্রথমবার নারী জাতীয় ক্রিকেট লিগ চ্যাম্পিয়ন ময়মনসিংহ

১৩তম নারী জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ডের ম্যাচে রাজশাহীকে ৪৮ রানে হারিয়ে ১২ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে থেকে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ময়মনসিংহ বিভাগ। ১১ পয়েন্ট নিয়ে রানার আপ হয়েছে চট্টগ্রাম। এবার ৭ ম্যাচের পণ্ড হওয়া দুটো ম্যাচ ছাড়া বাকি পাঁচটিতেই জয় পেয়েছে ময়মনসিংহ। গত চার আসরের চ্যাম্পিয়ন সিলেট এবার আসর শেষ করেছে ৯ পয়েন্ট নিয়ে তিনে থেকে।

আজ রানআউট হওয়ার আগে নিগার সুলতানা জ্যোতির ৬৪ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৮০ রানের ঝকঝকে ইনিংসের সুবাদে ৬ উইকেটে ১৩২ রান করে ময়মনসিংহ। জবাবে ব্যাটিংয়ে নামা রাজশাহী মিষ্টি রাণি সাহার ৪০ রানের ইনিংস স অলআউট হয়ে যায় ৮৪ রানে। স্বর্ণা আক্তার ১৩ রানে ৩টি ও মুমতা হেনা হাসনাত ১৭ রানে ৩ উইকেট নেন। ২টি করে উইকেট পান রুপা আবেদীন ও ফুয়ারা বেগম।

ম্যাচসেরার পাশাপাশি লিগের সেরা ক্রিকেটার হয়েছেন নিগার সুলতানা জ্যোতি। ২৮৪ রান করে সর্বোচ্চ রান স্কোরার হয়েছেন সাথী রাণি বর্মণ। ১৪ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী স্বর্ণা আক্তার। ৮ উইকেট নিয়ে সেরা উদীয়মান খেলোয়াড় হয়েছেন অনূর্ধ্ব-১৯ পর্যায় থেকে উঠে আসা আনিশা আক্তার সোবা।