রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টে পাকিস্তান দ্বিতীয় ইনিংসে অলআউট হয়েছে ১৭২ রানে। তাতে জয়ের জন্য বাংলাদেশের টার্গেট দাঁড়ায় ১৮৫ রান। আজ চতুর্থ দিন বৃষ্টির কারণে খেলা আগে শেষ হয়। চা-বিরতির পর মাত্র এক ওভার খেলতে পারে বাংলাদেশ।
তাতে বাংলাদেশ তোলে বিনা উইকেটে ৪২ রান। জয়ের জন্য আগামীকাল টেস্টের শেষ দিনে বাংলাদেশের দরকার আরও ১৪৩ রান।
আবহাওয়ার পূর্বাভাস যা তাতে আগামীকালও রাওয়ালপিন্ডিতে বৃষ্টির সম্ভাবনা আছে। বাংলাদেশ কত ওভারের মধ্যে খেলা শেষ করতে চায় এমন প্রশ্নের উত্তরে পেসার হাসান মাহমুদ বলেন, 'এটা আসলে বলা মুশকিল (কত ওভারে শেষ করা লক্ষ্য)। তবে যদি বৃষ্টি না হতো আজকে আমরা চেষ্টা করতাম যে, কীভাবে শেষ করা যায় অথবা কাল প্রথম সেশনে কীভাবে শেষ করা যায়।'
বাংলাদেশের প্রথম পেসার হিসেবে পাকিস্তানের মাটিতে ৫ উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। ৪৩ রানে ৫ উইকেট নেন হাসান।
৫ উইকেট নেওয়ায় সতীর্থদেরও কৃতিত্ব দিলেন। 'আসলে আমার সতীর্থদের কৃতিত্ব দেওয়া উচিত যারা প্রতিটি বলের পেছনে পরিশ্রম করে। প্ল্যান আসলে খুবই সিম্পল ছিল। নতুন বল হাতে নিয়ে চেষ্টা করতে হয়েছে লাইন অনুযায়ী বল করে যাওয়া, যেরকমটা অধিনায়ক এবং দল চেয়েছে। আমরা চেষ্টা করেছি নিজেদের প্ল্যানে বল করে উইকেট তোলার চেষ্টা করে যাওয়া।'