কুড়িগ্রামে ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বোনেরও

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুকুরের পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের সুজনের কুটি গ্রামে। 

নিহত ভাইবোনের নাম সিফাত হোসেন (৬) ও রিয়া মনি (১০)। নিহতরা ওই গ্রামের রবিউল ইসলামের সন্তান। 

স্থানীয়রা জানায়, বিকেলে বাড়ির পাশের পুকুর পাড়ে খেলতে যায় শিশু সিফাত। খেলাধুলার সময় হঠাৎ পুকুরের পানিতে পড়ে হাবুডুবু খেতে থাকে সে। ছোট ভাইকে পুকুরের পানিতে হাবুডুবু খেতে দেখে বড় বোন রিয়া মনি তাকে উদ্ধার করার জন্য পুকুরের পানিতে ঝাঁপিয়ে পড়ে। এ সময় ভাই বোনকে জড়িয়ে ধরলে দুজনেই সকলের অগোচরে পুকুরের পানিতে ডুবে মারা যায়। 

সন্তানদের বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তাদের মা। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির সামনের পুকুরে ছেলে সিফাতের মরদেহ ভাসতে দেখে চিৎকার শুরু করলে পরিবার ও আশপাশের লোকজন পুকুরে নেমে সিফাতের মরদেহ উদ্ধার করে। এদিকে পুকুর পাড়ে রিয়া মনির পায়ের স্যান্ডেল পড়ে থাকতে দেখে তার লাশও পুকুরে থাকতে পারে বলে স্থানীয়রা ধারণা করেন। পরে জাল টেনে পুকুর থেকে রিয়া মনির মৃতদেহও উদ্ধার করা হয়। 

ফুলবাড়ী থানার ওসি নওয়াবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।