লাশ পোড়ানোর ঘটনায় সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফি আটক

আশুলিয়ায় গুলি করে হত্যার পর আগুনে পুড়িয়ে ফেলার ঘটনায় অভিযুক্ত ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. আব্দুল্লাহিল কাফিকে আটক করা হয়েছে।

আজ সোমবার (২ সেপ্টেম্বর) বিমানবন্দর থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ( ডিবি)।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ডিবি অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক বলেন, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফিকে বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য রাজধানীর মিন্টু রোডে নিয়ে আসা হয়েছে।

তিনি আরও বলেন, গত ৫ আগস্ট ঢাকার আশুলিয়ায় ছাত্র—জনতাকে হত্যার পর আগুনে পুড়িয়ে ফেলার ঘটনায় সংশ্লিষ্ট থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা জেলার এসপি আহম্মদ মুঈদ বলেন, ঢাকার আশুলিয়ায় ছাত্র-জনতাকে হত্যার পর আগুনে পুড়িয়ে ফেলার অভিযোগে আব্দুল্লাহিল কাফি সাসপেক্ট। তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি ডিএমপির ডিবি পুলিশের কর্তৃক আটক হয়েছেন বলে খবর পেয়েছি। এর বেশি কিছু জানি না।

যোগাযোগ করা হলে ডিবির যুগ্ম পুলিশ কমিশনার (উত্তর) মো. রবিউল হোসেন ভুঁইয়া বলেন, পুলিশের একটি দল তাকে আটক করেছে। তার বিরুদ্ধে উঠা অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট ঢাকার আশুলিয়ায় ছাত্র-জনতাকে হত্যার পর আগুনে পুড়িয়ে ফেলার ঘটনায় সংশ্লিষ্টতা থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।