বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত ও ‘ন্যায়বিচার’ প্রক্রিয়া শিগগির শুরু করা হবে বলে জানিয়েছেন অন্তর্র্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত তার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি বলেন, বর্তমান সরকার জনগণের অধিকার সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নয়, একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর সাবেক সদস্য হিসেবে আমি বিডিআর হত্যাকাণ্ডের ন্যায়বিচার চাই। সঠিকভাবে এই হত্যাকাণ্ডের পুনঃতদন্ত ও ন্যায়বিচার প্রক্রিয়া শিগগির শুরু করা হবে।
ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ : অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। গতকাল সোমবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার অফিসকক্ষে এ সাক্ষাৎ করেন তিনি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দুই দেশের মধ্যে পুলিশ বাহিনী, সীমান্ত নিরাপত্তা, ভারতীয় নাগরিকদের নিরাপত্তা, বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাসের ক্ষেত্রে তথ্য আদান-প্রদানসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
শুরুতে উপদেষ্টা হাইকমিশনারকে স্বাগত জানিয়ে বলেন, চলমান সংস্কারের অংশ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন পুলিশসহ অন্যান্য বাহিনীতে সংস্কার করা হবে। তবে তা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।