রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে জয়ের জন্য বাংলাদেশের টার্গেট ১৮৫ রান। ইতোমধ্যেই বৃষ্টিবিঘ্নিত চতুর্থ দিন শেষে বিনা উইকেটে ৪২ রান তুলে ফেলেছে বাংলাদেশ। আজ মঙ্গলবার শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ১৪৩ রান। এই লক্ষ্য তাড়ায় টাইগারদের জন্য পাকিস্তানের চেয়েও বড় প্রতিপক্ষ বৃষ্টি।
ইতোমধ্যেই সিরিজের প্রথম টেস্ট ১০ উইকেটে জিতেছে বাংলাদেশ। আজ জিতলেই পাকিস্তানকে তাদের মাটিতে ধোলাই করা হবে। পরিসংখ্যানও বাংলাদেশের পক্ষেই কথা বলছে। টেস্টের চতুর্থ ইনিংসে এর চেয়েও বেশি রান তাড়া করে বাংলাদেশের জয়ের রেকর্ড আছে। সেটাও একবার নয়, দুই বার।
প্রথমবার ২০০৯ সালে গ্রেনাডায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে। সেবার ২১৫ রানের টার্গেট তাড়া করে বাংলাদেশ ৪ উইকেটে জিতেছিল। ৬৭ রানে ৪ উইকেট হারানোর পর ৯৭ বলে ৯৬ রানের অসাধারণ এক ইনিংস খেলে দলের জয়ে নেতৃত্ব দিয়েছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। সেটাই ছিল অধিনায়ক হিসেবে সাকিবের প্রথম ম্যাচ আর টাইগারদের জন্য দেশের বাইরে প্রথম টেস্ট সিরিজ জয়।
পরের ঘটনা ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে। তখন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। কলম্বোর সেই ম্যাচ ছিল বাংলাদেশের শততম টেস্ট। ঐতিহাসিক সেই ম্যাচ জয়ের জন্য মুশফিকদের লক্ষ্য ছিল ১৯১ রানের। ওপেনার তামিম ইকবালের ৮২ রানের ইনিংসে ভর করে বাংলাদেশ জিতেছিল ৪ উইকেটে। জয় দিয়েই তারা শততম টেস্ট উদযাপন করেছিল। এর আগে চতুর্থ ইনিংসে ৪০ বার রান তাড়া করে ৬বার জিতেছে বাংলাদেশ।